কলকাতা বিনোদন রাজনীতি

রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি’ সঙ্গে নিয়ে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবার ‘উন্নয়নের পাঁচালি’। ভোটের আগে, তৃণমূলের মাস্টারস্ট্রোক এই ‘উন্নয়নের পাঁচালি’ই। নিজেদের জমানার উন্নয়নের খতিয়ান সাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল। বুধবার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেতার বাড়িতে পৌঁছল তৃণমূল জমানার, ১৫ বছরের উন্নয়নের পাঁচালি। বিকেল সাড়ে চারটার কিছু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা হন রঞ্জিত মল্লিকের বাড়ির উদ্দেশে। তাঁর সঙ্গে অভিনেতার বাড়িতে যান বর্ষীয়ান রাজনীতিবিদ, শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁদের স্বাগত জানাতে দরজার বাইরেই অপেক্ষা করছিলেন সস্ত্রীক রঞ্জিত মল্লিক।  অভিনেতার বাড়িতে পৌঁছেই তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রণাম করেন দীপা মল্লিককেও। তারপরেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে। উন্নয়নের পাঁচালি বাক্স তুলে দেওয়া ছাড়াও কথোপকথনও হয় তাঁদের মধ্যে।  এই প্রসঙ্গে উল্লেখ্য, এর আগেই বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর বাড়িতে পৌঁছে গিয়েছে উন্নয়নের পাঁচালি বাক্স। তাতে রয়েছে মমতা জমানার উন্নয়নের রিপোর্ট কার্ড এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।  সঙ্গীত পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সাংসদ নাদিমুল হক। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিষয়টি জানান তিনি নিজেই। ইতিমধ্যেই, বঙ্গে ৩ বার ভোট জিতেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প বাংলার ভোটে বারে বারে গেম চেঞ্জারের কাজ করেছে। তবে এবার দলের ভাবনা আরও কিছুটা আলাদা। চতুর্থ দফায় মসনদে বসতে, তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে গত তিনদফার সময়কালের অর্থাৎ তৃণমূল জমানায় রাজ্যের উন্নয়নকে। সেই উন্নয়নকে হাতিয়ার করে, সকলের সামনে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। তৃণমূল জমানায় উন্নয়নের খতিয়ান এর আগেও নেতৃত্ব নানা জায়গায় জানিয়েছে। কিন্তু এবার, সামগ্রিক সময়কালের উন্নয়নমূলক কাজের খতিয়ানকে একত্রিত করে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য, রাজ্যের সব প্রান্তে, সব ভোটারদের কাছে ‘উন্নয়নের পাঁচালি’ পৌঁছে দেওয়া। তৃণমূল সূত্রে খবর, নিখুঁতভাবে সকলের মধ্যে এই উন্নয়নের খতিয়ান ছড়িয়ে দিতে, বিশেষ টিম গঠন করেছে শাসক দল। দলের সাংসদ থেকে ব্লক স্তরের কর্মী, এক একটি টিমে থাকছেন তাঁরা সকলেই। ‘উন্নয়নের পাঁচালি’ বাক্স তুলে দেওয়া হবে সাধারণের হাতে। ইতিমধ্যেই বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে বাড়িতে দলীয় নেতৃত্বের উন্নয়নের পাঁচালি’র বাক্স তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।  বুধবার রঞ্জিত মল্লিকের বাড়িতে যাওয়া ছাড়াও, অভিষেকের নন্দনেও যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, নন্দন-২ প্রেক্ষাগৃহে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘লক্ষ্মী এলো ঘরে’-এর ডিরেক্টরস কাট প্রিভিউয়ে অংশ নেবেন তিনি।