বন্যার তোড়ে ভেসে গিয়েছে ভারত-পাকিস্তান সীমান্তের কাঁটাতারে বেড়া। ফুঁসছে ইরাবতী নদী। প্রায় ৩০ কিলোমিটার এলাকা কার্যত রক্ষীবিহীন। কোথাও ৫০ ফুট, কোথাও ১০০ ফুট পর্যন্ত সীমান্ত ফাঁকা। চৌকি ছাড়তে বাধ্য হয়েছেন BSF জওয়ানরা। বুধবার পর্যন্ত গুরদাসপুর, অমৃতসর ও পাঠানকোট জেলার অন্তত ৫০টি এলাকায় নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। বন্যায় ডুবে গিয়েছে কর্তারপুর সাহিব করিডরের BSF পোস্টও। জওয়ানরা আশ্রয় নিয়েছেন গুরুদ্বারা দরবার সাহিব, ডেরা বাবা নানক এলাকায়। BSF-এর এক কর্তা বলেন, ‘শুধু ভারতে নয়, ইরাবতীর নদীর জলে ভাসছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একাংশও। পাকিস্তানি রেঞ্জার্সরাও সীমান্তের অনেক পোস্ট খালি করে দিয়ে নিরাপদ জায়গায় সরে গিয়েছেন।’ তবে এর মধ্যেও নজরদারি চালাচ্ছে BSF-এর টহলদারি নৌকো। BSF-এর এক মুখপাত্র বলেন, ‘এই সুযোগে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারকারী চক্র। সাঁতরে সীমান্ত টপকানোর চেষ্টা করছিলেন এক পাচারকারী। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

