এক ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ মিলল উত্তরপ্রদেশে। আগ্রার এস এন মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর পর্বের ওই ছাত্রীর দেহ বুধবার সকালে ক্যাম্পাসের কয়েক কিলোমিটার দূরে উদ্ধার হয়। মঙ্গলবার বিকেল থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের ওই মেডিক্যাল ছাত্রীর দেহে বেশ কয়েকটি গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে কলেজে গিয়েছিলেন তিনি। গভীর রাত পর্যন্ত খোঁজ না মেলায় পরিবারের তরফে স্থানীয় থানায় অপহরণের অভিযোগ করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, ধৃত চিকিৎসক বেশ কিছুদিন ধরে বিয়ে করার জন্য ওই ছাত্রীকে বিরক্ত করছিলেন। আগ্রার পুলিশ সুপার বাবলু কুমার বৃহস্পতিবার বলেন, ‘ওই চিকিৎসকের বাড়ি কানপুরে। জালৌনে (লখনউ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে) একটি ক্লিনিক রয়েছে তাঁর। চিকিৎসককে জেরা করা হচ্ছে।’ তিনি জানান, বুধবার সকালে আগ্রার এম এম গেট থানার অন্তর্গত বামরোলি আহির এলাকা থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধারের পর সেখানকার রাস্তা ও দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ পরীক্ষার কাজ শুরু করেছে পুলিশ।


