বাংলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও বর্ষা পুরো রাজ্যে চলে এসেছে, এমনটা বলা যাবে না ৷ তবে নিম্নচাপের হাত ধরে বঙ্গে বর্ষার আগমন বঙ্গে। উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে অপেক্ষা কত দিনের, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর হাওয়া অফিস ৷ শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি পূর্বাভাস ৷ বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে গভীর নিম্নচাপ ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের ক্যানিং এবং বাংলাদেশের মোংলার মাঝামাঝি রায়দিঘির কাছে এটি স্থলভাগে প্রবেশ করেছে ৷ বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে ৷ তবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতেই ভারী বৃষ্টির সতর্কতা। এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি শনিবার পর্যন্ত ৷ আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা ৷ আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ বাকি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে ৷ পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে ৷ শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে ৷ আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অর্থাৎ নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
নিম্নচাপ দুর্বল হলেও দুর্যোগ চলবে! জারি হলুদ সতর্কতা

