অসমের ডিব্রুগড়ে অয়েল ইন্ডিয়া লিমিটেডের তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড । শুক্রবার তেঙ্গাখাট এলাকার ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে (আইটিএফ) এই ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে । গুরুতর জখম হয়েছেন আরও 5 জন । আহতদের উদ্ধার করে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । মৃতের নাম রাজু দত্ত । প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কেন্দ্রে নিয়মিত রক্ষণাবেক্ষণ চলছিল । সেই সময় অপরিশোধিত তেল সংরক্ষণ বিভাগের একটি ভালভ পরিচালনার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় । বিস্ফোরণের তীব্রতায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । ঘটনাস্থলে থাকা কয়েকজন কর্মী আগুনে ঝলসে যান । দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । স্পেকট্রন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের এরিয়া ম্যানেজার কমল ফুকন সংবাদসংস্থাকে জানিয়েছেন, কারিগরি কাজ চলাকালীন আগুন লাগে । ঘটনায় প্রায় 5 জন কর্মী আহত হয়েছেন । তাঁদের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি কোনও মৃত্যুর খবর নিশ্চিত করেননি । পরে তিনি জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল । ওই যন্ত্রপাতির মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হয় । আহতদের মধ্যে রয়েছেন তাপস গগৈ (40), শৈলেন গগৈ (45), কুমুদ গগৈ (38), গোলাপ দত্ত (58) এবং ইন্দ্র গগৈ (40) । তাঁদের বাড়ি তেঙ্গাখাট ও ডিব্রুগড় সংলগ্ন এলাকায় । বর্তমানে তাঁরা অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

