শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছে । 12 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ এর আগে গত সোমবার বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তাঁকে ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ৷ সেবার আদালতে ইডি দাবি করেছিল, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে ৷ এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কিন্তু তিনি সহযোগিতা না-করায় বাধ্য হয়ে তাঁকে হেফাজতে নিতে হয়েছে ৷ শনিবার সকালে আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ গত সোমবার ইডি তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় ৷ সেদিন পালাতে গিয়ে ধরা পড়ে যান জীবন ৷ আগের বারের মতো তাঁর দু’টি মোবাইল ফোন ঝোপের মধ্যে ফেলে দেন ৷ এর আগে সিবিআইয়ের হাতে যখন গ্রেফতার হয়েছিলেন একইভাবে মোবাইল ফোন ছুড়ে পুকুরের জলে ফেলে দিয়েছিলেন ৷