আমেদাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংস লম্বা হল না ওয়েস্ট ইন্ডিজের ৷ জসপ্রীত বুমরা- মহম্মদ সিরাজদের দাপুটে পেসে দেড়শো পেরিয়ে গুটিয়ে গেল ক্য়ারিবিয়ানদের ইনিংস ৷ মহম্মদ সিরাজ নিলেন চার উইকেট, জসপ্রীত বুমরা নিলেন তিন উইকেট ৷ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ ৷ টস জিতে আমেদাবাদে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্য়ারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ ৷ বুমরা-সিরাজ সমৃদ্ধ পেস বিভাগের পাশাপাশি ভারতের স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি একবছরেরও বেশি সময় পর একাদশে প্রত্য়াবর্তন হয় কুলদীপ যাদবের ৷ সবমিলিয়ে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে ক্য়ারিবিয়ান ব্যাটিং লাইন-আপ অনেকটাই কমজোরি ৷ অনুমান যে নেহাত অমূলক নয় মাঠে নেমে বুঝিয়ে দেন ভারতীয় বোলাররা ৷ প্রথম সেশনে দাপট সিরাজের ৷ তাঁর তিন উইকেটের সৌজন্যে প্রথম সেশনে ৯০ রানে পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ৷ হায়দরাবাদি পেসারের শিকার হন ওপেনার ত্য়াগনারায়ন চন্দ্রপল, অ্যালিক আথানাজে এবং ব্র্যান্ডন কিং ৷ দ্বিতীয় সেশনে ৭২ রানে বাকি পাঁচ উইকেট হারায় সফরকারী দল ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৩২ রান করেন জাস্টিন গ্রিয়াভেস ৷ সপ্তম উইকেটে খ্যারি পিয়েরের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৩৯ রান ৷ এই জুটিতে ভর করেই দেড়শো পেরোয় ক্য়ারিবিয়ানরা ৷ প্রথম সেশনে এক উইকেটের পর দ্বিতীয সেশনে দু’টি উইকেট নেন বুমরা ৷ সিরাজ-বুমরার ঝুলিতে সাত উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নেন কুলদীপ যাদব ৷ একটি উইকেট যায় ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ৷
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ, বুমরার-সিরাজরা নিল ৭ উইকেট

