আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চরম সতর্ক তৃণমূল কংগ্রেস ৷ একটি বৈধ ভোটারের নামও যাতে তালিকা থেকে বাদ না-যায়, সেই লক্ষ্যেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ (BLA) বা বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই বৈঠক থেকেই নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও’র (CEO) ভূমিকা নিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনকে ‘বিজেপির দালাল’ বলা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অপদার্থ’ বলে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেত্রী ৷ এদিন মমতার মূল অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় পর্বের কাজে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ। রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে কাদের নিয়োগ করা হচ্ছে, সেই তথ্য তাঁর চাই। মঞ্চ থেকে তিনি বলেন, “আমি শুনেছি ভোটার তালিকার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে । কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাঁরা কোন ডিপার্টমেন্টে কাজ করেন‘, কোথায় থাকেন‘-সব ডিটেলস আমার চাই। আমি ওদের সহযোগিতা করব ৷ কিন্তু সম্পূর্ণ তথ্য চাই।” তাঁর আশঙ্কা, মাইক্রো অবজার্ভারদের আড়ালে বিজেপি নিজেদের ক্যাডার বা ‘দালাল’-দের এই কাজে ঢোকাচ্ছে । এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাজ্যকে না-জানিয়ে রাজ্যের লোকেদেরও নিয়েছে । এরা কি মাইক্রো অবজার্ভার ? না কি এরা বিজেপি’র দালাল !” রাজ্য বা জেলা প্রশাসনকে পাশ কাটিয়ে সরাসরি কেন্দ্রীয় কর্মীদের দিয়ে ভোটার তালিকার শুনানি বা হিয়ারিং করানো নিয়েও তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী । তাঁর যুক্তি, যাঁরা বাংলার ভাষাই বোঝেন না, তাঁরা কী করে গ্রামের মানুষের নাম বা তথ্যের যাচাই করবেন ? গুজরাতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “কেন ? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা ? বিজেপি’র লোকেরা ? গুজরাতের লোকেরা ? ওরা হিয়ারিং করবে ? বাংলার ভাষা জানে ? ভাষা বোঝে ? সব কিছুর একটা লিমিট থাকা দরকার ।” এরপরই চিরাচরিত শ্লেষাত্মক ভঙ্গিতে তাঁর কটাক্ষ, “ওরা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং নয়, ওদের একটা করে ইয়ারিং (Earring) দিয়ে দিন !” এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণের ঝাঁজ সবথেকে বেশি ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও (CEO)-এর বিরুদ্ধে। নাম না-করে তাঁকে কখনও ‘মালপোয়া’, কখনও আবার ‘ভ্যানিশবাবু’ বলে সম্বোধন করেন তিনি। এমনকী সংবাদমাধ্যমের পুরনো রিপোর্টের প্রসঙ্গ টেনে গুরুতর অভিযোগও করেন মমতা। সিইও’র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এখানে কমিশনে যিনি আছেন, তাঁর বিরুদ্ধেও তো কম কেস আমার কাছে নেই। কেউ একজন এজেন্সির রেডের সময় উপর থেকে টাকা ছুঁড়ে ফেলেছিলেন-আমি বলছি না, সংবাদপত্রে দেখেছি । তিনি নাকি ভয়ে অফিস চেঞ্জ করছেন । শিপিং কর্পোরেশনে গিয়ে বসবেন ! সেখানে গিয়ে ‘ইধার কা মাল উধার’ করবেন । এপ্রিল পর্যন্ত চাকরি আছে-দালালি করে যদি কিছু পাওয়া যায় !”কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়েও কমিশনের কাজকে ‘আনপ্ল্যানড’ বা অপরিকল্পিত বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, “কলকাতায় আগে 100টি ওয়ার্ড ছিল ৷ এখন তা বেড়ে 144 ৷ ‘ভ্যানিশ’ কুমারবাবুরা কি একবারও ভেবেছেন ? ট্রেনিং দিয়েছিলেন ? পুরোটা আনপ্ল্যানড। বিজেপি’র কথায় কমিশন চলে । চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবই। তোমাদের ম্যাপিংটাই ভুল- টোটাল ব্লান্ডার।”নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শাহকে দেশের ইতিহাসের সবথেকে ‘অপদার্থ হোম মিনিস্টার’ আখ্যা দিয়ে মমতা বলেন, “এমন অপদার্থ হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী।”বিজেপি নেতাদের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত দাবির পাল্টা জবাব দিতে গিয়ে তিনি নিজের জন্মবৃত্তান্তের প্রসঙ্গও তোলেন। কিছুটা মজার ছলেই বলেন, “আমার তো বার্থ সার্টিফিকেট নেই-হোম ডেলিভারি। ওরা বার্থ সার্টিফিকেট দিতে পারে, ওসব তো লুকিয়ে করিয়ে এনে ডুপ্লিকেট দিচ্ছে । আমরা ফেক বানাব না। বড়দিন আসছে, কেক বানাব—সেই কেক খেয়ে তোমাদের হজম করব।” বক্তব্যের শেষে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি-সব কিছুই আসলে অমিত শাহের নির্দেশে চলছে । মহাত্মা গান্ধির নাম মনরেগা প্রকল্প থেকে বাদ দেওয়া নিয়েও কেন্দ্রকে বিঁধে মমতার মন্তব্য, “রামের নামে আমার কোনও আপত্তি নেই, কিন্তু দেশটাকে কি ‘রাম নাম সত্য হ্যায়’ করে দিচ্ছে ?”
‘বিজেপির কথায় কাজ করছে কমিশন’, ‘নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! তোপ মমতার

