আজ ফলহারিণী অমাবস্যায় শুরু হয়েছে বিশেষ পুজো ও যজ্ঞ। প্রত্যেক বছরের মতো এ বারেও পুণ্যার্থীদের ঢল নেমেছে মা তারার মন্দিরে। আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর ও শ্মশান এলাকা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, অমাবস্যা তিথি শুরু হয়েছে শনিবার ভোট ৪টা ১ মিনিটে, যা শেষ হবে রবিবার রাত ১টা ৫১ মিনিটে। এই সময়ের মধ্যেই চলবে মা তারার বিশেষ পুজো। মূলত জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী কালীপুজো। কথিত আছে এই তিথিতে মা তারাকে পাঁচ রকমের ফল দিয়ে ভোগ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। সেই কারণেই ভক্তরা পাঁচ রকম ফল দিয়ে মা তারার পুজো করেন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর।
দেবী ফলহারিণীর পুজোর নিয়মগুলি কী?
- ফলহারিণী পুজোয় নানা রকমের মরসুমি ফল ব্যবহার করা আবশ্যিক। এই দিন দেবীকে ফুলের মালার বদলে ফলের মালা দিয়ে সাজানোর চল রয়েছে।
- মনোস্কামনা পূরণের জন্য বিশেষ এই দিনে সবচেয়ে পছন্দের ফলটি মা কালীকে উৎসর্গ করুন। তার পর সেই ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর সেই ফল আপনি খেতে পারবেন না। এক বছরের মধ্যে মনোবাসনা পূরণ হয়ে গেলে সেই ফলটি নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ফলহারিণীর পুজো দিয়ে পুনরায় সেই ফলটি খাওয়া যেতে পারে। কিন্তু মনোস্কামনা পূরণের আগেই যদি সেই ফল খেয়ে নেওয়া হয় তা হলে ফলপ্রাপ্তি হবে না।
- ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে পারলে খুব ভাল হয়। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনও জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে।
- ফলহারিণী অমাবস্যায় অনেকে মৌনব্রত পালন করেন। এ ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করা জরুরি। যা-ই হয়ে যাক না কেন কথা বলা যাবে না। স্নান করার পরবর্তী সময় থেকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে।
- ফলহারিণীর পুজো হয়ে গেলে গরিব-দুঃখীদের প্রসাদের সঙ্গে দরকারের কোনও জিনিস দান করা যেতে পারে। এতে দেবী ফলহারিণী খুবই প্রসন্ন হন। বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী দান করতে পারলেও ভাল ফলপ্রাপ্তি হয়।
- মা কালীর সঙ্গে এই দিন ভোলেবাবাকেও পুজো করতে পারলে খুব ভাল হয়। এ ক্ষেত্রে মহাদেবকে পঞ্চামৃত সহযোগে অভিষেক করতে ভুলে গেলে চলবে না।
- ফলহারিণী অমাবস্যায় অশ্বত্থগাছের পুজো করলে ভাল ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস। বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি মেলে। জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে, তা হলে কালো তিল, দুধ ও গঙ্গাজল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়।

