জুম্মাবারের নামাজ পড়তে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল গুরুগ্রামে। জানা গিয়েছে, শুক্রবার গুরুগ্রামের একটি মসজিদে যখন নামাজ পড়া হচ্ছিল তখনই মসজিদে গিয়ে চড়াও হন একদল দক্ষিণপন্থী গোষ্ঠীর সমর্থক। ‘নামাজ বন্ধ কর’ শ্লোগান তুলে তাঁরা মসজিদ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। ওই উত্তেজনা রুখতে ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপেই বিক্ষোভকারীরা পিছু হটেন। এই ঘটনায় গুরুগ্রাম পুলিশ ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরগাঁওয়ের সেক্টর ৪৭ এলাকায় এক মসজিদে যখন শুক্রবার অর্থাত্ জুম্মাবারের নামাজ পড়া হচ্ছিল তখনই ওই মসজিদে চড়াও হন একদল বিক্ষোভকারী। আরও জানা যাচ্ছে ওই দক্ষিণপন্থী বিক্ষোভকারীদের প্রত্যেকের হাতেই ছিল নামাজের বিরুদ্ধে একগুচ্ছ শ্লোগান লেখা প্ল্য়াকার্ড। কোনও প্ল্য়াকার্ডে লেখা ছিল ‘গুরগাঁও প্রশাসন ঘুম থেকে জেগে ওঠো।’ কোথাও আবার লেখা ছিল ‘নামাজ পড়া বন্ধ কর।’ বিক্ষোভকারীরা মুখেও ‘নামাজ পড়া বন্ধ কর’ শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এরপরেই বিক্ষোভের প্রতিবাদে সরব হন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থতি অগ্নিগর্ভ হলে ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় ৩০ জনকে। যদিও পুলিশের দাবি ওই এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। গুরুগ্রামের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অঙ্কিতা চৌধুরী জানিয়েছেন, ‘এখানে দু’ বছর ধরে নমাজ পড়া চলছে। লোক এসে তা বন্ধ করার চেষ্টা করে। তাই আমরা ওদের গোলমাল না করার নির্দেশ দিয়েছিলাম। বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও পুলিশ-প্রশাসনের কথা কানে না তোলায় ওদের আটক করা হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে।’ এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই জেলাশাসক।
গুরুগ্রামে নমাজে বাধা, ‘জয় শ্রীরাম’ স্লোগান, গ্রেফতার ৩০ জন বিক্ষোভকারী

