দিনের পর দিন ধরে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে ক্রমাগত। জিএসটির জন্য সব ধরনের ব্যবসা ক্ষতির মুখে পড়ছে। বিজেপির জন্য রফতানি বাধাপ্রাপ্ত হচ্ছে। গোয়ায় গিয়ে এবার ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিজেপি বলেছিল, দেশের জন্য আচ্ছে দিন আনবে তারা কিন্তু বাস্তব চিত্র অন্য। বিজেপি দেশকে ‘শেষ করে দিচ্ছে’ বলে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০২২ সালে গোয়ার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে সংগঠন জোরদার করে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে গোয়ায় গিয়ে প্রথমে অভিনেত্রী নাফিসা আলিকে তৃণমূলে যোগদান করান। পরে তৃণমূলে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেসকে আনেন জোড়াফুলের ছাতার নীচে। ২০২২-এর নির্বাচনে গোয়া থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে নামছে তৃণমূল। গোয়ায় গিয়ে সেখানকার মানুষের কাছের মানুষ হিসেবে নিজেকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি গোয়ায় ক্ষমতা করতে যাননি। সেখানকার মানুষের পাশে থাকতে হাজির হয়েছেন। গোয়া সফরের শেষদিনে মমতা বন্দ্যেপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ”গোয়ায় তৃণমূল থাকবে। আমাদের সব নেতারা এখানে আসছেন, আমি এলাম। আবার আসব। বিজেপি-কে উৎখাত করেই ছাড়ব।” তিনি এও বলেন, ”এখানে কংগ্রেস-বিজেপি আপোষ করে, সমঝোতা করে। কিন্তু, আমরা চাই না ভোট ভাগাভাগি হোক। কংগ্রেস আমাকে আক্রমণ শানাচ্ছে। আমি কি ওদের ফুল দেব? আমরা গোয়ার মানুষের জন্য কাজ করতে চাই। আর গোয়ার মানুষ সেই সুযোগ দেবেন।” তিনি বলেন, ”বাংলার সঙ্গে গোয়ায় অনেক মিল। আপনারা ফুটবল ভালোবাসেন, আমরা বাংলার মানুষও ফুটবল ভালোবাসি। আপানারা মাছ পছন্দ করেন খুব, আর আমরা বাঙালিরাও মাছ পছন্দ করি। আপনাদের পছন্দ লোকসংগীত, আমাদেরও তাই। শুধু বাংলার সঙ্গে গোয়ার একটাই তফাৎ। এখানে বিজেপি মানুষের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছে। সেটাই গোয়ার মানুষকে রুখে দিতে হবে।” মমতার সংযোজন, ‘বাংলা এখন অত্যন্ত শক্তিশালী একটি রাজ্য৷ আমরা চাই গোয়াও সেরকম শক্তিশালী হয়ে উঠুক, গোয়ায় নতুন ভোর আসুক৷’ বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ কিন্তু দিল্লির দাদাগিরি আর চলবে না গোয়ায়৷”
দিনের পর দিন ধরে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আচ্ছে দিনের নাম করে দেশকে শেষ করছে বিজেপি, গোয়ায় তোপ দাগেন মমতা

