কেন্দ্রীয় সরকার বুধবার লোকসভায় অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫ পাস করেছে। একদিন আগে, এই বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল। এই আইনটি ‘নাগরিকদের সুরক্ষা’র পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত করবে বলে মত কেন্দ্রের। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের মতে, ডিজিটাল প্রযুক্তির উত্থান দেশের নাগরিকদের জন্য প্রচুর সুবিধা বয়ে এনেছে ৷ কিন্তু, নতুন বেশ কিছু ঝুঁকিও সঙ্গে এনেছে ৷ এর ফলে প্রযুক্তির অপব্যবহারের ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষতি থেকে সমাজকে সুরক্ষিত রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বিলটি ই-স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করবে৷ পাশাপাশি, ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবা, বিজ্ঞাপন এবং তাদের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করছে। বিলটি অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস থেকে শুরু করে অনলাইন জুয়া (যেমন পোকার, রামি এবং অন্যান্য কার্ড গেম) এবং অনলাইন লটারি পর্যন্ত সমস্ত অনলাইন বাজি এবং জুয়ার মতো কার্যকলাপকে নিষিদ্ধ করে। এটি তরুণদের ঝুঁকিপূর্ণ অনলাইন রিয়েল মানি গেমিং অ্যাপ থেকে রক্ষা করার জন্য যা প্রতারণামূলক ‘টাকা ফেরতের প্রতিশ্রুতি’র মাধ্যমে তাদের বাধ্যতামূলক এবং আসক্তিপূর্ণ গেমিংয়ের দিকে ঠেলে দেয় ৷ এর ফলে পুরো পরিবার আর্থিক সংকটে পড়ে যায়।


