মঙ্গলবার রাতে ফিলিপিনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৯। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে, যার ফলে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে, আহতের সংখ্যাও বেশি বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো শহর থেকে প্রায় ১৭কিলোমিটার উত্তর-পূর্বে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে, পরে কিছু মৃদু আফটারশক অনুভূত হতে পারে। ফায়ার সার্ভিসের প্রধান রে ক্যানেটে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পূর্বে, প্রায় ৯০,০০০ জনসংখ্যার উপকূলীয় শহরে, যেখানে তীব্র কম্পনের ফলে কংক্রিটের ঘরবাড়ি এবং একটি ফায়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ডামার রাস্তায় গভীর ফাটল দেখা দিয়েছে। ক্যানেটে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “আমরা আমাদের ব্যারাকে ছিলাম যখন মাটি কাঁপতে শুরু করে এবং আমরা বাইরে দৌড়ে যাই ৷ কিন্তু তীব্র কম্পনে আমরা মাটিতে পড়ে যাই ৷” তিনি এবং আরও তিনজন দমকলকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ফায়ার সার্ভিসের প্রধান।ফিলিপিনের বান্তায়ানে অবস্থিত শতাব্দী প্রাচীন সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল গির্জাটি ভূমিকম্পের পর আংশিকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় ভূকম্পন অফিস জনগণকে উপকূল থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে, যদিও এটি আরও জানিয়েছে যে সুনামির কোনও হুমকি নেই। ফিলিপিন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি প্রথমে সুনামি সতর্কতা জারি করে, সেবু এবং নিকটবর্তী লেইট এবং বিলিরান প্রদেশের সমুদ্র সৈকত থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ দেয়। ইনস্টিটিউটের পরিচালক, টেরেসিটো বাকলকোল, কিছুক্ষণ পরে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে সুনামি সতর্কতা পরে প্রত্যাহার করা হয়েছে এবং কোনও অস্বাভাবিক ঢেউ দেখা যাচ্ছে না। শুক্রবারের ঝড়ের কবলে বিপর্যস্ত মধ্য ফিলিপিনের প্রদেশগুলি এখনও ধাক্কা সামলে উঠতে পারেনি ৷ ওই ঘটনায় কমপক্ষে 27 জন ডুবে যায় এবং গাছপালা ভেঙে পড়ে, পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে একটি ৷


