কলকাতা বিনোদন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য সূচনা, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোমt, সুজয় ঘোষ।  রমেশ সিপ্পি-সহ উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছেন মুখ্যমন্ত্রী। সঞ্চালক হিসেবে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। ধনধান্য স্টেডিয়ামে উপস্থিত আছেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এদিন পুরস্কার পেয়ে আপ্লুত হয়ে অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমি সত্যিই আজ অবাক হয়ে গিয়েছি এই পুরস্কার পেয়ে। আমি কিছুই জানতাম না। আমি আপ্লুত।’ বঙ্গবিভূষণ সম্মান পেলেন আরতি মুখোপাধ্যায়ও। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি। দুই তারকাকেই পুরস্কার তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমি মিস ক্যালকাটা’ থেকে ‘এই মোম জোছনায়’ সহ বহু গান উপহার দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। শর্মিলা ঠাকুর থেকে অপর্ণা সেন, প্রথম সারির প্রায় প্রত্যেক অভিনেত্রীদের নেপথ্য কন্ঠে গান গেয়েছেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোলে ছবির বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি, পরিচালক আদুর গোপালকৃষ্ণন, পরিচালক সুজয় ঘোষ। এই বছরের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তম সুচিত্রার ‘সপ্তপদী’। এই বছর অনুষ্ঠানে ১৮২৭টি ছবির মধ্যে ৩৯টি দেশের বাছাই করা মোট ২১৫ টি ছবি দেখানো হবে। পোল্যান্ডের মোট ১৯ টি চলচ্চিত্র দেখানো হবে এই অনুষ্ঠানে কারণ এই বছরের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উৎসবে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক, সাম পিচকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী, রিচার্ড বাটন, রাজ খোসলাকে। ঋত্বিক ঘটকের শতবর্ষে দেখানো হবে ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’ সহ আরও বিভিন্ন ছবি। এই বছর শিশির মঞ্চে ঋত্বিক ঘটককে নিয়ে মন্তব্য রাখবেন পরিচালক আদুর গোপাল কৃষ্ণন। গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীতে শতবর্ষে শ্রদ্ধা জানানো হবে গুরু দত্ত, প্রদীপ কুমার, সন্তোষ দত্ত, স্যামুয়েল ওল্টম্যান, রিচার্ড বাটন, ওজিসিচ হ্যাসক, সাম পিচকিনপাকে। প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। এই বছরের অনুষ্ঠানে প্রায় প্রত্যেক দিনই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রায় ২০টি সিনেমা হলে দেখানো হবে ছবি। সব মিলিয়ে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতায় চলবে এই চলচ্চিত্র অনুষ্ঠান।