তীব্র শীত তার উপর ঘন কুয়াশা ৷ আর তারই প্রভাব স্পষ্টতই পড়েছে রেল ও বিমান চলাচলের উপর ৷ সকালে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকার কারণে, অনেক ট্রেন এবং কিছু বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। দিল্লি-সহ উত্তর ভারত তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কবলে কার্যত বিপর্যস্ত ৷ নয়াদিল্লি রেলওয়ে স্টেশন, হযরত নিজামুদ্দিন এবং আনন্দ বিহার স্টেশনে আসা ট্রেনগুলির ক্ষেত্রে চরম দেরী হয়েছে ৷ দিল্লি থেকে কলকাতাগামী বিমান বাতিল করা হয়েছে ৷ এর ফলে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বলে খবর ৷
শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধি
রাজধানী এবং তার আশপাশের এলাকাগুলিতে কার্যত হাড় কাঁপানো ঠান্ডা ৷ বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা তীব্রভাবে হ্রাস পেয়েছে। মৌসম বিভাগ (আইএমডি) জানিয়েছে, আয়া নগরে সর্বনিম্ন তাপমাত্রা 2.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ৷ অন্যদিকে, পালামে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম সর্বনিম্ন বলেই দাবি করা হয়েছে।
রবিবার রাতে সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ৷ আবহাওয়াবিদরা মনে করছেন, এদিন রাতে তা আরও কমে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। রিজ স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা 3.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শহরের বেশ কয়েকটি অংশ শৈত্যপ্রবাহের কবলে পড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।
আইএমডি পূর্বাভাস দিয়েছে, সারাদিন একই রকম পরিস্থিতি থাকবে, সঙ্গে ঠান্ডা হাওয়াও বইবে ৷ সোমবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় 5-10 কিলোমিটার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত 3-5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যখন সর্বোচ্চ তাপমাত্রা 18-20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
ভোরবেলা ধৌলা কুয়াঁ এবং সরাই কালে খানের মতো এলাকাগুলি কুয়াশা ও ধোঁয়াশার একটি পাতলা স্তরে ঢাকা ছিল। এটি দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং শীতের তীব্রতা বাড়িয়ে তোলে। গত কয়েকদিন ধরে রাজধানী ক্রমাগত ঠান্ডা আবহাওয়ার সাক্ষী হচ্ছে। রবিবার ভোরবেলা তাপমাত্রা ছিল প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। আইএমডি আগামী দিনগুলিতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 12 থেকে 17 জানুয়ারির মধ্যে আকাশ পরিষ্কার থাকবে ৷ যদিও শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, বিশেষ করে রাতে এবং ভোরের দিকে।
বিলম্বিত ট্রেন
হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে আসা ট্রেনগুলির মধ্যে কর্ণাটক যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে। এদিকে, ট্রেন নম্বর 12627 কর্ণাটক সুপারফাস্ট এক্সপ্রেস এক ঘণ্টা 18 মিনিট দেরিতে পৌঁছেছে। ওড়িশা থেকে 20808 হিরাকুদ এক্সপ্রেস এক ঘণ্টা 34 মিনিট দেরিতে স্টেশনে পৌঁছেছে। সবচেয়ে বিলম্বিত ট্রেন ছিল 11841 গীতা জয়ন্তী এক্সপ্রেস, যা দুই ঘণ্টা 27 মিনিট দেরিতে পৌঁছেছে। এছাড়াও, 12285 সেকেনদরাবাদ-হজরত নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা নয় মিনিট, কলিঙ্গ উৎকল এক্সপ্রেস এক ঘণ্টা 31 মিনিট, মঙ্গলা লাক্ষাদ্বীপ সুপারফাস্ট এক্সপ্রেস এক ঘণ্টা 16 মিনিট এবং গোল্ডেন টেম্পল মেল ট্রেন এক ঘণ্টা 17 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছেছে। শ্রীধাম সুপারফাস্ট এক্সপ্রেস সবচেয়ে বেশি বিলম্বিত হয়েছে, তিন ঘণ্টা 34 মিনিট।
অন্যদিকে, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আসা ট্রেনগুলির ক্ষেত্রেও কয়েক ঘণ্টা দেরি হয়েছে ৷ সিরসা এক্সপ্রেস এক ঘণ্টা 42 মিনিট বিলম্বিত হয়েছিল। ডিব্রুগড় থেকে আসা রাজধানী এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা 21 মিনিট দেরিতে এসেছে ৷ রাঁচি-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এক ঘণ্টা 51 মিনিট দেরিতে এবং ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। জনসাধারণ এক্সপ্রেস আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে দু’ঘণ্টা 10 মিনিট দেরিতে পৌঁছয়। এছাড়াও, কয়েক ডজন ট্রেন এক ঘণ্টা বা তারও বেশি দেরিতে পৌঁছেছে নির্দিষ্ট স্টেশনে। উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, ঘন কুয়াশার জেরে লোকো পাইলটদের সিগন্যাল দেখার ক্ষেত্রে অসুবিধা হয় ৷ সুতরাং, নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ট্রেনগুলিকে বাধ্য হয়ে গতি কমাতে হচ্ছে।


