দেশ

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, তদন্তের দাবি মমতার

নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ ভোটের আবহে মহারাষ্ট্রের পাশাপাশি দেশজুড়ে শোকস্তব্ধ পরিবেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টির খোঁজখবর নিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলেছেন ৷ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতারা শোকপ্রকাশ করেছেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার-সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর গভীরভাবে শোকাহত । অজিত পাওয়ারের অকালমৃত্যু এক অপূরণীয় ক্ষতি । মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় ক্ষেত্রে, তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন । তাঁর পরিবার, সমর্থক এবং ভক্তদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই । দুর্ঘটনায় নিহত সকলের পরিবারকেও ঈশ্বর এই ক্ষতি সহ্য করার শক্তি দিন ।” মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মৃত্যু শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লেখেন,”শ্রী অজিত পাওয়ার জি ছিলেন একজন জননেতা, তৃণমূল স্তরের সঙ্গে তাঁর দৃঢ় সংযোগ ছিল । মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বত্র সম্মানিত ছিলেন । প্রশাসনিক বিষয়ে তাঁর বোধগম্যতা এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগও উল্লেখযোগ্য ছিল । তাঁর অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক । তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা । ওম শান্তি ।” এনসিপি নেতার মৃত্যুতে মহারাষ্ট্র জনগণের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এক্স পোস্টে তিনি লেখেন, “আজ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার এবং তাঁর সহযাত্রীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক । এই শোকের মুহূর্তে আমি মহারাষ্ট্রের জনগণের সঙ্গে আছি । এই শোকের মুহূর্তে আমি পুরো পাওয়ার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই ।” বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোকবার্তা দেওয়ার পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্স পোস্টে তিনি লিখেছেন, “অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ ! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, এবং আমি গভীর ক্ষতির অনুভূতি অনুভব করছি । তাঁর কাকা শরদ পাওয়ার জি-সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা । এই ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন ।”


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় লিখেছেন,”আজ, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রবীণ এনডিএ সহকর্মী অজিত পাওয়ারের এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত । গত সাড়ে তিন দশক ধরে মহারাষ্ট্রের প্রতিটি বিভাগের কল্যাণে অজিত পাওয়ার যে নিষ্ঠার সঙ্গে নিবেদিত ছিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । আমরা যখনই দেখা করতাম, তখনই তিনি মহারাষ্ট্রের জনগণের কল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতেন । তাঁর মৃত্যু আমার এবং এনডিএ পরিবারের জন্যও এক ব্যক্তিগত ক্ষতি । আমি পাওয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই । এই শোকের মুহূর্তে, সমগ্র এনডিএ শোকাহত পাওয়ার পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে । ঈশ্বর প্রয়াত আত্মার শান্তি দান করুন । ওম শান্তি শান্তি শান্তি ।”