দেশ

বাজেট পেশের দিনই একলাফে ৪৯ টাকা বাড়ল  বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

আর কিছুক্ষণ ৷ তারপরই বাজেট ২০২৬ সংসদে পেশ করতে চলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তার আগে দাম বাড়ল LPG গ্যাস সিলিন্ডারের। রবিবার সকাল থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়াল তৈল বিপণনকারী কোম্পানিগুলি ৷ এর ফলে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের বড় বড় শহরে নতুন দর কার্যকর হয়েছে। রবিবার থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে ৷ এর আগে পয়লা জানুয়ারিতেও দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ তখন ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল ৷ এবার ফের একলাফে ৪৯ টাকা দাম বৃদ্ধিতে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক ব্যবহারকারীদের খরচ আরও বাড়তে চলেছে ৷ কাজেই হোটেল-রেস্তোরাঁ বা খাদ্য সরবরাহকারী সংস্থাগুলি খাবারের দাম বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই স্বস্তির খবর, ১৪ কেজির গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। গৃহস্থালি ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার এখনও ৮ এপ্রিল ২০২৫-এ নির্ধারিত পুরনো দরে মিলছে। অর্থাৎ, টানা প্রায় ৯ মাস অপরিবর্তিত রয়েছে গৃহস্থালি ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম ৷ তখন থেকেই কলকাতায় ডোমেস্টিক এলজিপি-র প্রতি সিলিন্ডারের দাম 879 টাকা। আজ রাজধানী নয়াদিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো মূল্য সংশোধন করে ১৭৪০.৫০ টাকা (নয়া দাম) ধার্য হয়েছে ৷ কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৪৪.৫০ টাকা। মুম্বই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৯২ টাকা। চেন্নাইয়ে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৯৯.৫০ টাকা। দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে ৷ ২০২৬ সালের প্রথম দুই মাসেই বাড়ল বাণিজ্যিক এলপিজি-র দাম। ১ জানুয়ারি প্রতি সিলিন্ডারের দাম বেড়েছিল ১১১ টাকা। এ নিয়ে নতুন বছরে ১৬০ টাকা বাড়ল কমার্শিয়াল এলপিজি-র প্রতি সিলিন্ডারের দাম।