রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্ক গন্ডগোলের ঘটনার তদন্তে ফের গ্রেফতারি । রবিবার সন্ধেয় গুলি চালানো, বোমাবাজি, ধারালো অস্ত্র হাতে হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে আরও 4 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এর আগে সোমবার সকালে ১০ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত চলছে । এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।” পুলিশ জানিয়েছে, রবীন্দ্র সরোবর থানায় মামলা নম্বর 16/2026 (2 ফেব্রুয়ারি, 2026)-এর তদন্তে 2 জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও, এই থানারই মামলা নম্বর 18/2026 (2 ফেব্রুয়ারি, 2026)-এর তদন্তে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে । তারা হল- বাবলু শ’ ওরফে চিনি ৷ বয়স 32 ৷ তার বাবার নাম রাজু শ’ ৷ বাবলুর বাড়ি 140, ডা জিএসবোস রোড, কসবা থানা এলাকায় ৷ অন্যজন, ইন্দ্রজিৎ মাঝি ওরফে ছোটবাবু ৷ বয়স 30 ৷ 164, সুইন হো লেন, কসবা থানা এলাকার বাসিন্দা ৷ আরেকজন জয়ন্ত নস্কর ওরফে সোনু ৷ বয়স 28 ৷ বাবার নাম দিনেশ নস্কর । তার স্থায়ী ঠিকানা 21, পঞ্চাননতলা রোড, কলকাতা-29 । পাশাপাশি নোনাডাঙা রেল কলোনি, রুবি, আনন্দপুর থানা এলাকাতেও তার থাকার তথ্য মিলেছে । অন্যদিকে, দেবাশিস মণ্ডল ওরফে ভুটু ৷ বয়স 38 ৷ বাবা প্রয়াত শম্ভু মণ্ডল ৷ বাসিন্দা 38, এটি চ্যাটার্জি রোড, লেক থানা এলাকা । পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেককে ঘটনার প্রেক্ষিতে জেরা করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে । তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী দল । এই গ্রেফতারের ফলে রবীন্দ্র সরোবর কাণ্ডের নেপথ্যে থাকা মূল চক্র সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ।


