Uncategorized

মঙ্গলবার ভোররাত থেকে  বজ্র-বিদ্যুসহ বৃষ্টি নামল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে হতে পারে বৃষ্টি। এমনই জানিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল ভিজতে পারে দক্ষিণের অন্তত নয়টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছিল। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে।- জানানো হয়েছিল এমনটাও। আজ সকাল থেকেই বদলে গেল আবহাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সম্পূর্ণ মিলে গিয়েছে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ভোররাত সাড়ে ৩টে নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতা, উত্তর ২৪পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে বৃষ্টি। জানা গিয়েছে আজ সারাদিন চলবে বৃষ্টি।

মূলত বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের প্রভাবে এই দুর্যোগ শুরু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ শহর কলকাতায় শুরু হয় প্রবল বৃষ্টি। মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। যদিও এই দাপট স্থায়ী হয়েছিল ৩০-৪০ মিনিট। তবে সকালের পর থেকেও আকাশ থমথমে হয়ে আছে, ফলে পুনরায় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব দিকের জেলাগুলিতে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।