বিনোদন

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান, ছাদে ওড়ালেন ঘুড়ি

জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে হাজির হলেন বলিউড সুপারস্টার আমির খান। সমাজমাধ্যমে একটি ভিডিও দেখা যাচ্ছে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ঢুকছেন আমির। জঙ্গিপুর-আজিমগঞ্জের পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, রবিবার রাত ৮টা-সাড়ে ৮টা নাগাদ আমির খান এসেছিলেন অরিজিতের বাড়িতে। এর পরে বহরমপুরের একটি হোটেলে রাত কাটিয়ে ফের দুপুর নাগাদ আমির খান জিয়াগঞ্জ এসে পৌঁছন। তবে এ দিন দুপুরে আমির খানের আসার খবর ছড়িয়ে পড়তেই অরিজিতের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করেন। আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে। দুই তারকা মিলে এক সঙ্গে লাঞ্চ সারেন বলেও জানা গিয়েছে। অরিজিতের পারিবারিক হেঁশেলেই আমিরের জন্য নানা পদের রান্না হয় ৷ এমনকি অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেও দেখা যায় দঙ্গল স্টারকে। কিছুদিন আগেই সিনেমায় আর গান গাইবেন না বলে ঘোষণা করেছিলেন গায়ক। এরই মধ্যে তার বাড়ির আমির খানের হাজির হওয়া নতুন করে জল্পনা তৈরি করছে। যদিও আমিরের এই সাক্ষাতের কারণ এখনও কিছু জানা যায়নি। অনেকে বলছেন, শান্তিনিকেতনে শুটিং-এ এসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট ৷ তখনই তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান অরিজিৎ ৷ ভক্তদের আড়ালে রেখে রবিবার গভীর রাতে অরিজিতের বাড়িতে পা রাখেন আমির খান । এরপর সোমবার গোটা দিন তিনি সেখানেই রয়েছেন বলে জানা গিয়েছে । তবে দিনের বেলায় একবার বাড়ির বাইরে পা দেওয়া ছাড়া দুই তারকাকে একবারের জন্যও দেখা যায়নি । সোমবার দুপুর থেকে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে ভক্তদের ভিড় জমতে শুরু করে । যদিও জিয়াগঞ্জের বাড়িতে দুই তারকা থাকলেও সকালের দিকে নিরাপত্তার বেষ্টনী সেভাবে লক্ষ্য করা যায়নি । সোমবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে অরিজিতের বাড়িতে আমির খানের আগমনের খবর ছড়াতে শুরু করে । সামাজিক মাধ্যমে তাঁর এক ঝলক ভিডিয়ো প্রচার হতে শুরু করে । তবে আমিরের আসার কারণ যাই হোক বিকেল থেকে তাঁকে দেখতে জিয়াগঞ্জে ভিড় ক্রমশ বাড়তে থাকে ৷ তারই সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তাও । সূত্রের খবর, রাত বাড়লেই বলিউড তারকা সন্তর্পণে সিং বাড়ি ছাড়বেন ।