দেশ

Amid Trump Tariff Threats, Ajit Doval In Moscow : রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাতে মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়া সফরে মস্কো পৌঁছেছেন। তাঁর এই সফর এমন একটা সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তেল ও সামরিক চুক্তির জন্য ভারতের উপর পৃথক জরিমানা আরোপের হুমকি দিয়েছেন। রাশিয়াও এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। দোভালের মস্কো পৌঁছানোর আগে, রাশিয়া ভারতের পক্ষে একটি বিবৃতি জারি করে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে। ক্রেমলিন অভিযোগ করে, রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর অযথা চাপ প্রয়োগ করছে আমেরিকা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনও দেশের নাম না করে বলেছেন, “আমরা এমন কিছু বিবৃতি শুনেছি যা আসলে হুমকির মতো। এর মধ্যে, দেশগুলিকে রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমরা এই ধরনের বিবৃতিকে বৈধ বলে মনে করি না।” পেসকভ বলেন, “আমরা বিশ্বাস করি যে, সার্বভৌম দেশগুলির কার সঙ্গে বাণিজ্য করা উচিত, কাকে তাদের ব্যবসায়িক অংশীদার করা উচিত, তা বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। তাদের দেশের নাগরিকদের স্বার্থে কার সঙ্গে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা উচিত, তা বেছে নেওয়ার অধিকারও তাদের রয়েছে।” রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দোভাল রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করবেন। তিনি রাশিয়ার আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে যে, দোভালের রাশিয়া সফর আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু, তাঁর সফরের আগেই ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। এর পাশাপাশি, তিনি রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য পৃথক জরিমানা আরোপেরও ঘোষণা করেন। রাশিয়ার এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প ফের বলেছেন যে রাশিয়ার কাছ থেকে যারা জ্বালানি পণ্য কিনবে, তাদের উপরও তিনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প চান রাশিয়া যেন ইউক্রেনের সঙ্গে সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করে দেয়। কিন্তু, রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত দেননি।