পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত ৷ কিন্তু সমতলে কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি মিলেছে ৷ উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের তুলনায় আলাদা । সেখানে ঠান্ডার দাপট চলবে । বৃষ্টি ও তুষারপাত সেখানে সঙ্গী হওয়ার সম্ভাবনা । যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । শুক্রবার থেকে উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছিল । শনিবার সন্ধ্যা থেকে বরফ পড়তে শুরু করে দার্জিলিংয়ে । সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকায় বরফ পড়তে দেখা যায় এদিন । উল্লেখ্য, শনিবার সকাল থেকেই তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। শিশির জমে পরিণত হচ্ছিল বরফে। সন্ধ্যার পরে পারদের পরিমাণ আরও কয়েকধাপ কমে ৷ তার জেরেই শুরু হয় তুষারপাত ৷
- হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্য়ান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “এই মরশুমের প্রথম তুষারপাত। পর্যটনের জন্য খুব ভালো খবর। এতে আরও বেশি পর্যটকরা উত্তরবঙ্গের প্রতি আকর্ষিত হবেন।”
- স্কুল শিক্ষিকা ইপ্সিতা ঘোষাল তাঁর স্কুলের সদস্যদের সঙ্গে সিটং ঘুরতে গিয়েছেন। শনিবার রাতে তিনি বলছিলেন, “হাড় কাঁপানো শীত। পারদের কাঁটা ২ ডিগ্রির ঘরে। কিন্তু অনুভূত হচ্ছে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। জোরালো শীত হলেও উপভোগ্য দৃশ্যপট। সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে।”
দার্জিলিং সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও তৎসংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ৷ কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। কনকনে ঠান্ডায় সাময়িক বিরতি বলা যায় । তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা । তারপর দু-তিনদিন একই রকম আবহাওয়া থাকবে । বৃহস্পতিবার থেকে ফের কমবে তাপমাত্রা । আজ কুয়াশার প্রভাব বাড়বে । সকালের দিকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে । কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায় । মহানগরেরর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে ৷ আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বহরমপুর ৷ এদিন সেখানকার তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল মাঝিয়ান ৷ সেখানকার তাপমাত্রার পারদ ছিল ৯.২ ডিগ্রি । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রির নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৩ ও সর্বোচ্চ ৯৮ শতাংশ ।


