ডিসেম্বরের শেষে নিম্নমুখী পারদ। কনকনে ঠান্ডায় এবারের বড়দিন পালন করবে বঙ্গবাসী ৷ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহাওয়াবিদ সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে ১৪ ডিগ্রির ঘরে । সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশার প্রভাব ৷ গত দু’দিন ধরে ভোর এবং সকালে রাজ্যে কুয়াশার আস্তরণে দৃশ্যমানতা কমেছে । ব্যাহত হয়েছে রেল, সড়ক এবং বিমান পরিষেবা । সৌরাশিস জানিয়েছেন, কুয়াশা থেকে এখনই মুক্তি পাওয়া যাবে না ৷ বরং, সোমবার এবং মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে ৷ সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে ৷ গত দুই দিন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নীচে নেমে গিয়েছিল ৷ তবে, সোমবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ৷ কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে । শীতের আমেজ থাকলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা এমনই থাকবে ৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সোমবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে । কুয়াশার চাদরে ঢাকা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাও । শীতের আমেজ চললেও স্বাভাবিকের কাছেই থাকবে তাপনাত্রা ৷ আপাতত তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে, দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে । দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ।উত্তরের উপরের ৫ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে । মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ।


