দেশ

ওড়িশা উপকূলে সফল এয়ার ডিফেন্স পরীক্ষা

ওড়িশার উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (আইএডিডব্লুএস)-এর প্রথম উৎক্ষেপণ হল ৷ দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে । সোশাল মিডিয়ায় পোস্ট করে এই উৎক্ষেপণের কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ৷ রবিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ডিআরডিও জানিয়েছে, শনিবার ওড়িশার উপকূলে গভীর রাত ১২টা ৩০ মিনিটে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে । ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম হল একটি বিশেষ বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৷ এর মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন লেজার-ভিত্তিক নির্দেশিত অস্ত্র ব্যবস্থা। অপারেশন সিঁদুরের প্রায় সাড়ে তিন মাস পর এই নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে । ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, “আইএডিডব্লুএস-এর সফল পরীক্ষার জন্য আমি ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত বাকি সকলকে অভিনন্দন জানাই । এই অনন্য পরীক্ষা হল আমাদের দেশের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ক্ষমতার প্রমাণ ৷ এই সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে চলেছে এবং আকাশে শত্রুদের মোকাবিলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে ৷”