নয়া প্রজন্মের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালাল ডিআরডিও। গত মে মাসে অপারেশন সিঁদুরে ব্যবহৃত আকাশ ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ এই আকাশ-এনজি। এই নতুন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এখন বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য তৈরি বলে জানা গিয়েছে। পরীক্ষা চলাকালীন আকাশ-এনজি বিভিন্ন উচ্চতায় এবং বিভিন্ন দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছে ডিআরডিও। এই আকাশ-এনজি এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে দেশীয় প্রযুক্তির ‘আরএফ সিকার’ (RF Seeker)। এই আরএফ সিকার হল একটি ব়্যাডার সিস্টেম। সেটি অ্যান্টেনার মতো কাজ করে মিসাইল বা অন্যান্য লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রটিতে একটি স্মার্ট গাইডেন্স সিস্টেম রয়েছে, যা শেষ মুহূর্তেও লক্ষ্যবস্তুকে লক করতে সাহায্য করে। আর নয়া আকাশ এনজি ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলের গতিবেগ ঘণ্টায় ২৫০০ কিলোমিটার। এদিকে এই মিসাইল সিস্টেমে থাকা দেশীয় ‘আরএফ সিকার’ ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত ৬৪টি লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। ২০ মিনিটের মধ্যে এই মিসাইল সিস্টেমকে মোতায়েন করা যায়। টার্গেট চিহ্নিত করে রকেট লঞ্চের ক্ষেত্রে এর ১০ সেকেন্ড সময় লাগে। এবং তিন মিসাইল সিস্টেমের ক্ষেত্রে সেই সময় ২০ সেকেন্ড। এটি ৩৬০ ডিগ্রি রেঞ্জে কার্যকর। একসঙ্গে এই মিসাইল সিস্টেম মোট ১০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ‘লক’ করতে পারে।


