দেশ

বছর শেষে ফের বাড়ল দূরপাল্লার ট্রেনের ভাড়া

বছর শেষে ফের বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া ৷ ফলে মেল ও এক্সপ্রেসের যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত টাকা ৷ দূরপাল্লার যাত্রীভাড়ার নয়া কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল ৷ ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন এই ভাড়া৷ গত জুলাই মাসে কিলোমিটার পিছু দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। এবারও একইভাবে এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল ৷ এসি ও নন-এসি, দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে ৷ একই সঙ্গে অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে না বলে, রেল তরফে জানানো হয়েছে । নিত্যযাত্রীদের সিজন টিকিটের (মান্থলি) ভাড়াও অপরিবর্তিত থাকছে । সংশোধিত ভাড়া কাঠামোয়, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রার জন্য যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। তবে দূরপাল্লা ট্রেনে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত কোনও অতিরিক্ত ভাড়া গুনতে হবে না যাত্রীদের। কিন্তু তার পর প্রতি কিলোমিটারে এক পয়সা করে অতিরিক্ত ভাড়া দিতে হবে । আর দূরপাল্লার মেল ও এক্সপ্রেসে (নন-এসি) প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি করেছে রেল। একইভাবে এসি টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, গত এক দশকে রেলের নেটওয়ার্ক যেমন বিস্তৃত হয়েছে, তেমনই পরিষেবাতেও উন্নতি ঘটেছে । রেলে কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে । নতুন হারে ভাড়া কার্যকর হলে বছরে ৬০০ কোটি টাকা আয় বাড়বে বলে আশা রেলের। রেলের এক কর্মকর্তা বলেন, “কর্মী সংখ্যার খরচ বেড়ে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা হয়েছে । পেনশন খরচ বেড়ে হয়েছে ৬০ হাজার কোটি টাকা । ২০২৪-২৫ সালে রেলের মোট খরচ ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে । বর্ধিত খরচ মেটাতে রেলওয়ে অধিক পণ্য পরিবহণ ও যাত্রী ভাড়া সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷” চলতি বছরে এ নিয়ে দু’বার দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করল রেল। গত জুলাইয়ে একইভাবে কিলোমিটার পিছু দূরপাল্লার মেল ও এক্সপ্রেস- এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হয়েছিল। সেবার ৫০১ থেকে 1,500 কিলোমিটার দূরত্বের জন্য ৫ টাকা ও ২৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য ১০ টাকা এবং ২৫০১ থেকে ৩০০০ কিলোমিটার দূরত্বের জন্য ১৫ টাকা ভাড়া বৃদ্ধি করেছিল রেল।