দেশ

ভেনেজুয়েলার পরিস্থিতিতে প্রতিক্রিয়া, ট্রাভেল অ্যাডভাইসরি জারি ভারতের 

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে সামরিক অভিযানে আটক করার পর শনিবার রাতে বিদেশমন্ত্রক ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে । পাশাপাশি ভেনেজুয়েলায় বসবাসকারী সমস্ত ভারতীয়দের চরম সতর্কতা অবলম্বন এবং তাদের চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়েছে । বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে ভারতীয় নাগরিকদের সব ধরনের অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলতে জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে, যাঁরা ইতিমধ্যেই ভেনেজুয়েলায় আছেন, তাঁদেরকে চরম সতর্কতা অবলম্বন, চলাচল সীমিত রাখা এবং নিয়মিতভাবে কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে ৷ যে কোনও কারণে ভেনেজুয়েলায় থাকা সমস্ত ভারতীয়কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার, তাদের চলাচল সীমিত করার এবং কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ৷” বিদেশমন্ত্রক ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয়দের +58-412-9584288 ফোন নম্বর (হোয়াটসঅ্যাপ কলের জন্যও উপলব্ধ) এবং ইমেল আইডি cons.caracas@mea.gov.in এর মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে । কারাকাসের দূতাবাস অনুসারে, ভেনেজুয়েলায় প্রায় ৫০ জন অনাবাসী ভারতীয় এবং ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি রয়েছেন । দক্ষিণ আমেরিকায় অবস্থিত ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার সামরিক হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ প্রেসিডেন্ট মাদুরোকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে ৷ তেল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন । তারপরও শনিবার ট্রাম্পের সেনারা মাদুরো এবং তাঁর স্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় । মার্কিন এই পদক্ষেপের পর ভেনেজুয়েলা জরুরি অবস্থা ঘোষণা করে । এই মার্কিন পদক্ষেপ দক্ষিণ আমেরিকার দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে ৷ রাশিয়া ও চিন-সহ অনেক নেতৃস্থানীয় শক্তি মাদুরো ও তাঁর স্ত্রীকে আটকের জন্য ওয়াশিংটনের নিন্দা করেছে । কারাকাসে অভিযানের কয়েকঘণ্টা পরে, ট্রাম্প মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমায় মাদুরোর একটি ছবি পোস্ট করেছেন । যদিও ভারত এখনও ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি । মার্কিন কর্তৃপক্ষের মতে, মাদুরোকে নিউইয়র্কে আনা হয়েছে, যেখানে তাঁকে মাদক চক্রকে সমর্থন করার অভিযোগ সম্পর্কিত চার্জের মুখোমুখি করা হবে । সস্ত্রীক প্রেসিডেন্টকে আটক করার পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন যে, “ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলা শাসন করবে । আমরা একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করব ৷ অত্যন্ত সফল এই অভিযানটি আমেরিকান সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বা আমেরিকানদের জীবন বিপন্ন করতে পারে এমন যে কোনও ব্যক্তির জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করবে ।”