দেশ রাজনীতি

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন

উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ফের এক রাজ্যপালকেই বেছে নিল শাসক এনডিএ ৷ রবিবার সন্ধ্যায় বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ঘোষণা করেন, এনডিএ-র উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৷ বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ৷ এছাড়া তামিলনাড়ুর কোয়েম্বাটোর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ তাই দক্ষিণে তিনি পরিচিত মুখ ৷ এদিকে সিপি রাধাকৃষ্ণনকে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বাছাইয়ের নেপথ্যে দক্ষিণি রাজ্যটিতে পদ্মফুল ফোটানোই উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷ সম্প্রতি এআইডিএমকে ও বিজেপির জোট ভেঙেছে ৷ রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে, শাসকদল ডিএমকে’র সঙ্গে গাঁটছড়া বাঁধবে বলেই জানা গিয়েছে ৷ এদিনই বিজেপির সংসদীয় দলের বৈঠক হয় ৷ সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও অন্যরা ৷ এই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেন ৷ নাম ঘোষণার পরই সিপি রাধাকৃষ্ণণকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, “থিরু সিপি রাধাকৃষ্ণণজির একজন সাংসদ এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হিসাবে নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ ৷ সংসদে তাঁর অংশগ্রহণ সবসময় বৌদ্ধিক ছিল ৷ রাজ্যপাল থাকাকালীনও তিনি সাধারণ নাগরিকদের চ্যালেঞ্জগুলির সমাধানে মনোনিবেশ করেছেন ৷ তাঁর এই অভিজ্ঞতাগুলিই তাঁর আইন ও সাংবিধানিক নানা বিষয়ে জ্ঞান নিশ্চিত করেছে ৷ আমি আত্মবিশ্বাসী, উপ-রাষ্ট্রপতি হিসাবে তিনি অনুপ্রেরণা জোগাবেন ৷” তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বৈঠকে সর্বসম্মিলিত ভাবে এনডিএ-র উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের মনোনীত করা হয়েছে ৷ বিজেপির অন্যতম শীর্ষ নেতার আশা, বিরোধীরা মহারাষ্ট্রের রাজ্যপালকে সমর্থন করবে ৷ আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন হবে ৷

সিপি রাধাকৃষ্ণণ উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলে

  • দেশে ওবিসি অন্তর্ভুক্ত দ্বিতীয় উপ-রাষ্ট্রপতি
  • দক্ষিণ ভারতের প্রথম ওবিসি উপ-রাষ্ট্রপতি
  • তামিলনাড়ু থেকে তৃতীয় উপ-রাষ্ট্রপতি

গত 21 জুলাই সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন রাতে হঠাৎ শারীরিক কারণ দর্শিয়ে উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড় ৷ তারপর থেকে এই আসনটি ফাঁকা ৷ 2022 সালের অগস্টে তিনি উপরাষ্ট্রপতি পদে আসীন হন ৷ 2027 সালের অগস্টে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার অনেক আগেই তিনি পদত্যাগ করেন ৷ যদিও এই পদত্যাগের নেপথ্যে ‘ডাল মে কুছ কালা’ বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিল কংগ্রেস ৷ 2019 থেকে 2022 সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনখড় ৷ সেই সময় প্রায়শই তাঁর সঙ্গে রাজ্য সরকার বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের কথা সংবাদ শিরোনামে উঠে আসত ৷ এরপর তাঁকে উপ-রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করে বিজেপির নেতৃত্বে এনডিএ শিবির ৷ তিনি বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব নেন ৷