জেলা

আনন্দপুরে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ’ সিঙ্গুরের সভামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 সিঙ্গুরের সভা থেকে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ,পরিবারের একজন সদস্যকে সিভিকে চাকরি দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সভামঞ্চ থেকে তিনি বলেন, ” আমি ববিকে পাঠাই, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মোমো কোম্পানি ও ডেকরেটর্স কোম্পানি ৫ লক্ষ টাকা করে দিচ্ছে। পুলিশকে বলেছি, মৃতদের পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার জন্য।” আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত এবং নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর এ কথা জানিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। বুধবার সিঙ্গুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন , ” সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ২০০৬-২০০৮ এখানে কাটিয়েছি। রাস্তায় কাটিয়েছি। বাড়ি থেকে কেউ মুড়ি, নারকেল নাড়ু, সবজি নিয়ে এসেছে, যারা ওখানে ধরনা দিত, তাঁদের জন্য। ২৬ দিন অনশন করেছি সিঙ্গুরের জন্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা।”