দেশ

SIR মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া কার্যকর করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। তৃণমূল সূত্রে খবর, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে এখনও রাজ্যের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিভাগের তরফে তাঁর উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘জেড প্লাস’ ক্যাটিগরির সুরক্ষা পেয়ে থাকেন। ফলে সুপ্রিম কোর্টের সুরক্ষা উইংয়ের একটি অনুমোদন এ ক্ষেত্রে প্রয়োজনীয়। জানা গিয়েছে, এই মামলা বুধবার সুপ্রিম কোর্টে উঠতে পারে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কম্পিউটারাইজড লিস্টে ৪ ফেব্রুয়ারি এই মামলাটি তালিকাভুক্ত রয়েছে ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইলেকশন কমিশন’ শিরোনামে। দু’দিন আগে তা দেখাচ্ছিল ৬ ফেব্রুয়ারির তালিকায়। অতীতে একাধি্ক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি রাজনীতিকের পাশাপাশি একজন আইনজীবীও। সে ক্ষেত্রে বুধবার এই মামলা উঠলে সুপ্রিম কোর্টে কি তিনি কেবল উপস্থিত থাকবেন, না সওয়ালও করবেন, তা নিয়ে জোর জল্পনা রাজ্যে ও রাজধানীতে।