কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত লক্ষ লক্ষা পাতার নথি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ ৷ তার নথিগুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ইজরায়েল সফরের প্রসঙ্গ রয়েছে ৷ এনিয়ে কড়া বিবৃতি দিল বিদেশ মন্ত্রক ৷ শনিবার সন্ধ্যায় মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তথাকথিত এপস্টিন ফাইলে ইমেল মেসেজে প্রধানমন্ত্রী ও তাঁর ইজরালে সফরের প্রসঙ্গের উল্লেখ রয়েছে ৷ এই ইমেলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা একেবারে জঘন্য গুজব এবং তা রটিয়েছে একজন অপরাধী ৷ অবিলম্বে এই তথ্য খারিজ করা হচ্ছে ৷যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইল গতকাল প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ ৷ কুখ্যাত এই মার্কিন অপরাধীর ফাইলগুলি প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে ৷ তার ইমেলে বিশ্বের তাবড় বিশিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে ৷ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, মাইক্রোসফ্ট-এর সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটেনের রাজপুত্র অ্যানড্রিউ-মাউন্টব্যাটেন উইন্ডসর, ইলন মাস্ক, এমনকী নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নামও রয়েছে বলে খবর ৷ এই ফাইলগুলি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে ৷ এর আগে প্রথম বার এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশ করেছিল বিচার বিভাগ ৷ এরপর ফের ৩০ জানুয়ারি লক্ষ লক্ষ পাতার নথি প্রকাশ করা হয় ৷ ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে জানিয়েছেন, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ৩০ লক্ষেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে৷ ২ হাজারেরও বেশি ভিডিয়ো এবং ১ লক্ষ ৮০ হাজারেও বেশি ছবি প্রকাশ করছে ৷ বহু নাবালিকাদের যৌন পাচার কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছে জেফ্রি এপস্টিন ৷ ২০০৫ সালে ফ্লোরিডার পাম বিচে একটি ১৪ বছর বয়সি নাবালিকার পরিবার প্রথম এপস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে ৷ এরপর এরকম একাধিক অভিযোগ পায় আমেরিকার বিভিন্ন প্রদেশের পুলিশ ৷ ওই নাবালিকাদের মধ্যে অনেকে হাইস্কুলের পড়ুয়া ছিল ৷ তারা পরে পুলিশকে জানায়, যৌন বার্তা ও কাজের জন্য তাদের ভাড়া নিত এপস্টিন ৷ এই জঘন্য কাজে তাকে সাহায্য করত তার বান্ধবী ম্যাক্সওয়েল ৷


