দেশ

পুজোয় ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অনুমোদন দিল মোদির মন্ত্রিসভা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় ক্যাবিনেট ৷ বুধবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ পাশাপাশি ৩ শতাংশ ডিয়ারনেস রিলিফ বা মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মন্ত্রী ৷ সবমিলিয়ে চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ভাতা 5 শতাংশ বৃদ্ধি পেল ৷ ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি ৷ এছাড়া দেশজুড়ে ৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট ৷ এর মধ্যে সাতটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ব্যয়ভার বহন করবেন স্বরাষ্ট্রমন্ত্রক ৷ বাকি কেন্দ্রীয় বিদ্যালয়গুলির খরচ রাজ্য সরকারের ৷ বর্তমানে দেশে 1 হাজার ২৮৮ টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে ৷ আগামিকাল দশেরা ৷ তার আগে বড় ঘোষণা করল বিজেপি সরকার ৷ ডিএ বৃদ্ধির ফলে ৪৯.২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের বেসিক পে বা পেনশনের ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন ৷ সেই হার বেড়ে হল ৫৮ শতাংশ ৷ এর জন্য প্রতি বছর সরকারের ১০ হাজার ৮৩.৯৬ কোটি টাকা খরচ হবে ৷ সপ্তম সেন্ট্রাল পে কমিশনের প্রস্তাব অনুযায়ী ডিএ/ডিআর বৃদ্ধি হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান রেলমন্ত্রী ৷ এর আগে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করে এনডিএ সরকার ৷ 1 জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয় ৷ সে সময় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল 37 শতাংশ ৷ এদিন মহার্ঘ ভাতা 3 শতাংশ বৃদ্ধির ফলে রাজ্যের সঙ্গে ফারাক আরও বেড়ে 40 শতাংশ হল ৷