খেলা দেশ

লোকসভায় পাশ জাতীয় ক্রীড়া বিল 

ভোটার তালিকায় নিবিড় পর্যবেক্ষণ (SIR) ইস্যুতে বিরোধীদের নির্বাচন কমিশন অভিযানের মধ্যেই সোমবার লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় ক্রীড়া গভর্ন্য়ান্স বিল ৷ বিরোধীদের হট্টগোল, পুলিশি ধরপাকড়ের মধ্যে খানিক নিঃশব্দেই সংসদের নিম্নকক্ষে এদিন তা পাশ হল ৷ যাকে ‘স্বাধীনতা পরবর্তী দেশের খেলাধুলোয় একক বৃহত্তম সংস্কার’ আখ্য়া দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ একইসঙ্গে লোকসভায় সোমবার পাশ হয়ে গেল অ্য়ান্টি-ডোপিং (সংশোধনী) বিলও ৷ বিরোধীদের লাগাতার স্লোগানের মধ্যেই সোমবার লোকসভায় ক্রীড়া বিল পাশ প্রসঙ্গে মনসুখ মান্ডব্য বলেন, “স্বাধীনতার পর দেশের ক্রীড়ায় এটি একক বৃহত্তম সংস্কার ৷ এই বিল স্পোর্টস ফেডারেশনগুলিতে স্বচ্ছতা আনবে, সুশাসন প্রতিষ্ঠা করবে ৷ ভারতে খেলাধুলোর বাস্তুতন্ত্রে এই বিল উল্লেখযোগ্য ভূমিকা নেবে ৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন গুরুত্বপূর্ণ একটা বিলের ক্ষেত্রে বিরোধীদের অংশগ্রহণ মিলল না ৷” দু’জন বিরোধী সাংসদ এদিন অবশ্য লোকসভায় জাতীয় ক্রীড়া গভর্ন্য়ান্স বিল সংক্রান্ত বিতর্কে অংশগ্রহণ করেছিলেন ৷ তাঁরা বিলকে সমর্থন করেন ৷ এরপরই অন্য়ান্য বিরোধী সাংসদরা কক্ষে প্রবেশ করে স্লোগান শুরু করেন ৷ তাঁদের হট্টগোলের মধ্যে ধ্বনিভোটে লোকসভায় পাশ হয়ে যায় জাতীয় ক্রীড়া গভর্ন্যান্স বিল ৷ দেশ ২০৩৬ অলিম্পিক্স অংশগ্রহণের জন্য পুরোদমে ঝাঁপাচ্ছে ৷ এমন সময় দেশের খেলাধুলোয় বিশ্বমানের ইকোসিস্টেম গড়ে তুলতে এই জোড়া বিল যে আবশ্যিক ছিল, তাও এদিন জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ৷

জাতীয় ক্রীড়া গভর্ন্য়ান্স বিলে দেশে একটি বোর্ড গঠনের উল্লেখ রয়েছে ৷ যাকে বলা হবে জাতীয় ক্রীড়া বোর্ড বা ন্য়াশনাল স্পোর্টস বোর্ড ৷ সমস্ত খেলাধূলায় (জাতীয়) নিয়ামক সংস্থাগুলোর ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে সংশ্লিষ্ট স্পোর্টস বডির হাতে ৷ যার বাইরে নয় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইও ৷ সমস্ত জাতীয় ফেডারেশনের কার্যকলাপ পর্যালোচনা এবং তদারকি করবে এনএসবি ৷