বিনোদন

হলো না কোন চুক্তি, ট্রাম্প-পুতিনের বৈঠক নিষ্ফলাই!

আলোচনা ফলপ্রসূ। তবে কোনও চুক্তি হয়নি। বৈঠকের পরে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অনেক বিষয়েই একমত। তবে কোনও চুক্তি হয়নি।’ প্রত্যাশা ছিল বিরাট ৷ কিন্তু কাজের কাজ হল না ৷ আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনও সমাধান সূত্র বেরল না ৷ 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবার পাশ্চাত্যের মাটিতে পা রাখলেন পুতিন ৷ আলাস্কার একটি বায়ুসেনা ঘাঁটিতে দু’পক্ষর মধ্যে প্রায় তিনঘণ্টা ধরে আলোচনা হল ৷ পারস্পরিক সম্পর্ক মজবুত করার কথা হলেও প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার রাস্তা মিলল না ৷ বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন দুই নেতা ৷ সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক হয়েছে ৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সম্পূর্ণ বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সেদিকে অনেকটাই অগ্রসর হওয়া গিয়েছে ৷ কয়েকটি বিষয় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে জানান ট্রাম্প ৷ তবে তার মধ্যে একটি বাদ দিয়ে অন্যগুলি একেবারেই গুরুত্বপূর্ণ নয় ৷ তাঁর আশা দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব ৷ পাশাপাশি এখনই রাশিয়ার বিরুদ্ধে আর কোনও নিষেধাজ্ঞা জারি করবেন না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ৷ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে ৷ তারপর আমার মনে হয় না এখনই নিষেধাজ্ঞা জারির ব্যাপারে আর কিছু ভাবার প্রয়োজন আছে ৷ আগামি দু-তিন সপ্তাহ বাদে হয়তো আবারও নিষেধাজ্ঞা জারির কথা ভাবতে হতে পারে ৷ কিন্তু এখনই ভাবার কোনও দরকার নেই ৷ ” সাংবাদিক বৈঠকের শুরুতে পুতিন জানান, পারস্পরিক শ্রদ্ধার বাতাবরণে দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে ৷ এ জন্য মার্কিন প্রেসিডেন্টকে তিনি ধন্যবাদও জানান ৷ পাশাপাশি ইউক্রেনকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র বলেও অভিহিত করেন পুুতিন ৷ তাঁর কথায়, ” বর্তমান পরিস্থিতিতে আমরা ইউক্রেনকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র বলছি বলে অনেকেই অবাক হবেন ৷ কিন্ত তাতে আমাদের করার কিছু নেই ৷ রাশিয়া চায় এই সমস্যার দ্রুত সমাধান হোক ৷” তাঁর বলা হয়ে গেলে ট্রাম্প নিজের বক্তব্য পেশ করেন ৷ একদম শেষে ইংরেজিতে পুতিন জানান এরপর দু’জনের দেখা হবে মস্কোয় ৷ এমনিতে প্রকাশ্যে ইংরেজি ব্যবহার করেনন না পুতিন ৷ এদিনও রুশ ভাষাতেই কথা বলছিলেন ৷ শেষে যেভাবে তাঁকে ইংরেজি বলতে শোনা গেল তা কূটনৈতিক মহলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ পুতিনের প্রস্তাব যে পছন্দ হয়েছে তা-ও জানান ট্রাম্প ৷ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়াস চালাচ্ছেন ট্রাম্প ৷ বেশ কয়েকমাস কেটে গেলেও কোনও সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি ৷ এরপর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পথে হাঁটেন ট্রাম্প ৷ রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরও 50 শতাংশ শুল্ক আরোপ করেন ৷ এমনই উত্তেজনার আবহে দিন কয়েক আগে জানা যায় দুই নেতা বৈঠক করতে চলেছেন ৷ সেই মতো ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত 1টা 15 মিনিট নাগাদ আলাস্কার অ্যাঙ্কোরেজের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক হয়েছিল দুতরফে তিনজন করে বৈঠকে অংশ নেবেন ৷ ট্রাম্পের সঙ্গে ছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ ৷ পুতিনের সঙ্গে বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনায় অংশ নিয়েছিলেন ৷ বৈঠকে CCCP লেখা সোয়েটার পরে হাজির হয়েছেন ল্যাভরভ। রুশ শব্দ CCCP-র বাংলা তর্জমা হল সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন।