জেলা

অগ্নিগর্ভ নেপাল! মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারত-নেপাল সীমান্তে এসএসবির সঙ্গে বৈঠকে পুলিশ কর্তারা

 অগ্নিগর্ভ নেপাল ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর আধিকারিকদের সঙ্গে ভারত-নেপাল সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা ৷ মঙ্গলবার রাতে ভারত-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট যোগেশ কুমার সিংয়ের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন উত্তরবঙ্গের আইজি (এডিজি) রাজেশ কুমার যাদব এবং দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ৷ সীমান্তের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছেন তাঁরা ৷ বিশেষ করে নেপালের অশান্তির সুযোগে অনুপ্রবেশ যাতে না বাড়ে সে ব্যাপারে নজর দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে ৷ এদিকে এদিনই তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর পুলিশ আধিকারিকদের কাছ থেকে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন ৷ জানা যায়, উত্তরবঙ্গের আইজিকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমান্ত পরিদর্শন করার পাশাপাশি এসএসবির আধিকারিকদের সঙ্গে আলোচনা করারও নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর নির্দেশ অনুযায়ী নৌকাঘাট মোড় থেকে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে পৌঁছন আইজি রাজেশ কুমার যাদব ৷ ত্রের খবর, সীমান্ত সংলগ্ন এলাকার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে ৷ পাশাপাশি সক্রিয় হতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকেও ৷ নেপালের দিক থেকে তথ্য যেন দ্রুত পাওয়া যায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি মেচি নদী এলাকার নিরাপত্তার জন্য অতিরিক্ত সংখ্যক এসএসবি জওয়ানও মোতায়েন করা হয়েছে ৷ নেপালের প্রতিবাদকে হাতিয়ার করে যাতে দেশ বিরোধী বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে না পারে, সেই দিকে নজর রাখা হচ্ছে ৷ এসএসবির সহযোগিতায় অতিরিক্ত পুলিশবাহিনী আনা হচ্ছে ৷ সীমান্ত সংলগ্ন প্রতিটি থানায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে ৷ এই বিষয়ে আইজি রাজেশ কুমার যাদব বলেন, “এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও অশান্তির খবর নেই ৷ আমরা সতর্ক রয়েছি ৷ এসএসবির সঙ্গে সবরকম সহযোগিতা করে ও যোগাযোগ রেখে কাজ করা হবে ৷ সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আমরা গোয়েন্দা বিভাগকেও সতর্ক করেছি ৷ নেপালের আবগারি ও অভিবাসন কার্যালয়ে আক্রমণ করেছে বিক্ষুব্ধ জনতা । সাময়িকভাবে সীমান্ত দিয়ে পারাপার বন্ধ রয়েছে ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷”