খেলা

শেষ মিনিটের গোলে বার্সেলোনাকে তাঁদের মাঠে হারালো পিএসজি

সদ্য ব্য়ালন ডি’অর জয়ী ওসমানে দেম্বেলে ছিলেন না ৷ বার্সেলোনার প্রাক্তনীকে ছাড়া তাঁদের ঘরের মাঠে খানিকটা আন্ডারডগ হয়েই বুধবার নেমেছিল প্যারিস সাঁ জাঁ ৷ কিন্তু কেন তাঁরা চ্যাম্পিয়ন, বুঝিয়ে দিল লুইস এনরিকের ছেলেরা ৷ পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্য়াচে কাতালান ক্লাবকে ২-১ গোলে হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে পিএসজি’র নায়ক গন্সালো রামোস ৷ প্রথম গোলটি সেনি মায়ুলুর ৷ বার্সেলোনার হয়ে একমাত্র গোল ফেরান তোরেসের ৷ অস্থায়ী হোমগ্রাউন্ড বার্সেলোনা অলিম্পিক্স স্টেডিয়ামে এদিন শুরুতে অবশ্য ম্য়াচের রাশ ছিল ল্যামিন ইয়ামালদের পায়ে ৷ ১৯ মিনিটে ফেরান তোরেসের গোলে লিড নেয় তাঁরা ৷ ডানদিক থেকে মার্কাস রাশফোর্ডের সাজিয়ে দেওয়া বল ধরে ১-০ করেন স্প্যানিশ ফরোয়ার্ড ৷ অবশ্য পাঁচ মিনিট আগেই স্কোরশিটে নাম তুলতে পারতেন তিনি ৷ কিন্তু ইয়ামালের ঠিকানা লেখা থ্রু বল ধরে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলেও ডিফেন্ডার ইলিয়া জাবার্নির কাছে আটকে যান তোরেস ৷ পিছিয়ে পড়ে তাগিদ বাড়ে পিএসজি’র ৷ ৩০ মিনিটে আশরাফ হাকিমির ফ্রি-কিক দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচান বার্সা গোলরক্ষক ওজকিয়েচ সেজনি ৷ তবে আট মিনিট বাদে সমতা ফিরিয়ে আনে প্যারিসের ক্লাবটি ৷ এক্ষেত্রে প্রতি-আক্রমণে মায়ুলুর গোলের বল সাজিয়ে দেন নুনো মেন্ডেস ৷ বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সির ছোট্ট ভুলে বক্সের বাইরে বল ধরেন বছর উনিশের ফরাসি ফুটবলার ৷ এরপর বক্সে প্রবেশ করে সেজনিকে পরাস্ত করেন তিনি ৷ ১-১ অবস্থায় শেষ হয় প্রধমার্ধ ৷ দ্বিতীয়ার্ধে দাপট পিএসজি’র ৷ তবে ইয়ামালের ডানপ্রান্তিক আক্রমণে মাঝেমধ্যে বিপদের সঞ্চার হয় ফরাসি ক্লাবের রক্ষণে ৷ ৬৪ মিনিটে ড্যানি ওলমোর শট কার্যত গোললাইন সেভ করেন পিএসজি অধিনায়ক আশরাফ হাকিমি ৷ ৮৩মিনিটে পিএসজি’র পরিবর্ত ফুটবলার লি-কাং-ইনের বাঁ-পায়ের শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে কাজের কাজটি করেন আরেক পরিবর্ত গন্সালো রামোস ৷ অধিনায়ক আশরাফ হাকিমির মাপা সেন্টারে পর্তুগিজ ফুটবলারের জোরালো ভলি দুর্ধর্ষ জয় এনে দেয় পিএসজি’কে ৷ অন্য ম্য়াচে আর্লিং হালান্ডের জোড়া গোল সত্ত্বেও জয় এল না ম্যাঞ্চেস্টার সিটির ৷ মোনাকোর ঘরের মাঠে ২-২ ড্র করল ‘স্কাই ব্লুজ’ ৷ নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোনাকোকে সমতায় ফেরান এরিক ডায়ের ৷ আর্সেনাল অবশ্য ঘরের মাঠে ২-০ গোলে হারাল অলিম্পিয়াকোসকে ৷