দেশ

উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ, ৩ ডিগ্রিতে কাঁপছে দিল্লি, গুরুগ্রামে ০.৮

কনকনে ঠান্ডায় কার্যত জমে গিয়েছে দিল্লি ও গুরুগ্রাম-সহ উত্তর ভারত। মঙ্গলবারের পর বুধবারেও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। গুরুগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে শৈত্যপ্রবাহ চলছে উত্তর ভারতের একাংশ জুড়ে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায়। রয়েছে কুয়াশার দাপটও। যার জেরে ব্যাপক ট্রেন ও বিমান পরিষেবা। IMD জানিয়েছে, উত্তর ভারতের সমতলের একাধিক শহরের তাপমাত্রা শিমলা বা মুসৌরির চেয়েও কম। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পাহাড়ের আকাশে মেঘ জমে থাকায় তাপমাত্রা আটকে থাকছে। ফলে শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মুসৌরিতে ৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে তাপমাত্রা। অন্যদিকে, সমতলের আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। আকাশ পরিষ্কার হওয়ার ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ দ্রুত বেরিয়ে যাচ্ছে, যার জেরে দিল্লি ও গুরুগ্রামের তাপমাত্রার পারদ প্রায় হিমাঙ্কের কাছাকাছি পৌঁছেছে।