খেলা

SHIKHAR DHAWAN SUMMONED BY ED : বেআইনি বেটিং-অ্য়াপের আর্থিক তছরূপ মামলায় ধাওয়ানকে সমন ইডি-র

গত মাসে সুরেশ রায়নার পর ইডি’র জিজ্ঞাসাবাদের সামনে আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ এক বেআইনি অনলাইন বেটিং-অ্য়াপের আর্থিক জালিয়াতি মামলায় যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সামনে শিখর ধাওয়ান ৷ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের (PMLA) আওতায় ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করবে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা ৷ এমনটাই জানানো হয়েছে সংবাদসংস্থা পিটিআই’য়ের রিপোর্টে ৷ ‘1এক্স বেট’ (1xBet) নামক বেটিং-অ্য়াপ সংস্থার সঙ্গে বিভিন্ন এনডোর্সমেন্টের মাধ্যমে যুক্ত থেকেছেন জাতীয় দলের জার্সিতে আড়াইশোরও বেশি ম্য়াচ খেলা ক্রিকেটার ৷ কীভাবে তিনি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যুক্ত হয়েছেন, সে ব্য়াপারে স্পষ্ট ধারণা পেতেই ধাওয়ানকে ইডি’র সমন বলে জানিয়েছে পিটিআই ৷ বৃহস্পতিবারই তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইতিমধ্যেই নয়াদিল্লিতে ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছেও গিয়েছেন 2013 চ্য়াম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সর্বাধিক রানস্কোরার ৷ বেআইনি অনলাইন বেটিং-অ্য়াপটির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে আর্থিক প্রতারণা, পাশাপাশি কর ফাঁকি দেওয়ার মত মারাত্মক সব অভিযোগ রয়েছে ৷ এই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরটের হাতে ৷ সেই মামলারই অংশ হিসেবে ভারতের হয়ে 167টি ওয়ান-ডে খেলা ক্রিকেটারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷