আইন কলেজে গণধর্ষণের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠল করল লালবাজার । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে আছেন মোট পাঁচজন সদস্য । সিট পরিচালনার দায়িত্বে আছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসএসডি) প্রদীপকুমার ঘোষাল । এদিকে, ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা মোবাইলের মধ্যে থেকে অপরাধের ভিডিয়ো পুলিশের হাতে এসেছে ৷ আজ ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে ৷ একইসঙ্গে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে ইটিভি ভারতের হাতে। বুধবার দক্ষিণ কলকাতার ল’কলেজের ক্যাম্পাসের ভিতরেই গণধর্ষণ করা হয় ওই তরুণীকে ৷ পরের দিন অভিভাবকের সঙ্গে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান ৷ সেখানে হয় তাঁর মেডিক্যাল টেস্ট ৷ সেই রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে ইটিভি ভারতের হাতে। মেডিক্যাল টেস্টে উল্লেখ রয়েছে নির্যাতিতার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ গলায় নখের আঁচড় রয়েছে ৷ ঘাড়ের চারপাশেও রয়েছে আঘাত বা আঁচড়ের দাগ। যৌন নির্যাতন যে হয়েছে, তার প্রমাণও মিলেছে ৷ এদিকে, এই ঘটনায় এদিনই গ্রেফতার করা হয় ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে ৷ ধৃতের নাম পিনাকী বন্দ্যোপাধ্যায় । গতকাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷ এরপর আজও তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । তাঁকে থানায় নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করা হয় বলে জানা গিয়েছে । এরপরই তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ লালবাজার সূত্রের খবর, অভিযোগপত্রে কলেজের এক নিরাপত্তারক্ষীর নাম তুলে ধরেছেন নির্যাতিতা ছাত্রী । তাঁর অভিযোগ, নিরাপত্তারক্ষীকে ভয় দেখিয়ে গার্ড রুম থেকে বের করে দিয়েছিলেন অভিযুক্তরা । সেই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার করা হয় ৷ গোয়েন্দাদের প্রশ্ন, যদি রক্ষীকে অভিযুক্তরা বাইরে বের করেও দেন, সেক্ষেত্রে কেন সেই রক্ষী ফোন করে কারওকে ডাকলেন না ? কেন ঘটনা ঘটে যাওয়ার পরও তিনি সেখানে ছিলেন? গোটা ঘটনার মধ্যে কোনও রকমের অপরাধমূলক ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না, সেই বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা । নিরাপত্তারক্ষীর গ্রেফতারির কথা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার । তদন্তকারীদের দাবি, গোটা বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন এই নিরাপত্তারক্ষী । ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, এই নিয়ে সংশয় ছিল তদন্তকারীদের । তারপরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷


