দেশ

সব স্কুলের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতেই হবে, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের

সরকারি হোক বা বেসরকারি, সব স্কুলে বিনামূল্যে ছাত্রীদের ঋতুস্রাবের জন্য স্যানিটারি প্যাডস দিতে হবে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে ৷ ঋতুস্রাবের সময় মেয়ের সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার অধিকার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অংশ বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ ঋতুস্রাব মেয়েদের জীবনের একটি অঙ্গ ৷ এই সময়ে দীর্ঘসময় মেয়েরা স্কুলে কাটাতে বাধ্য হয় ৷ সব সময় আগাম প্রস্তুতিও থাকে না পড়ুয়াদের কাছে ৷ তাই অনেক সময় সমস্যায় পড়ে তারা ৷ এমনকী স্কুলের শৌচাগারটি পরিচ্ছন্ন না-থাকলে ঋতুস্রাবের সময়ে তাদের সমস্যা আরও বেড়ে যায় ৷ তারা দিশাহীন হয়ে পড়ে ৷ স্কুলের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন না-থাকলে তার প্রভাব পড়ে মেয়েদের স্বাস্থ্যের উপর, বিশেষত ঋতুস্রাব চলাকালীন ৷ এই সব দিক বিবেচনা করে 2024 সালের 10 ডিসেম্বর জয়া ঠাকুর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ তিনি সারা দেশের সব স্কুলে ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের ‘মেনস্ট্রুয়াল হাইজিন পলিসি ফর স্কুল-গোয়িং গার্লস’ নীতি কার্যকরের আবেদন জানান ৷ সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি যেন ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয় ৷ স্কুলে তাদের ভালো রাখার ব্যবস্থা করে ৷ এই মামলায় এদিন শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত ৷ বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানান, সরকারি ও বেসরকারি- সব স্কুলে মেয়ে ও পুরুষ পড়ুয়াদের জন্য আলাদা শৌচাগারের বন্দোবস্ত করতে হবে ৷ স্কুলগুলি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হোক বা না হোক- সব স্কুলকেই বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে ৷ এই নিয়ম ঠিক করে মেনে চলা হচ্ছে কি না, তিন মাসের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে, নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, “ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্যের অধিকার সংবিধানের 21 নম্বর ধারার আওতায় জীবনের অধিকার ৷” বেসরকারি স্কুলগুলি যদি এই ব্যবস্থা না-করতে পারে, তাহলে তাদের স্বীকৃতি বাতিল করা হবে ৷ যদি স্কুলগুলিতে শৌচাগারের বন্দোবস্ত, বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণের ব্যবস্থা না-থাকে, তাহলে তার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত সরকারকেই দায়ী করাবে আদালত ৷ এই নির্দেশ নিয়ে আইনজীবী বরুণ ঠাকুর বলেন, “আজ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছে, যা নয়া দিশা দেখিয়েছে ৷ আদালত একেবারে স্পষ্ট করে ঋতুস্রাবের সময়ের স্বাস্থ্যের অধিকারকে সংবিধানের 21 নম্বর ধারার আওতায় মৌলিক অধিকার বলে জানিয়ে দিয়েছে ৷ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ মানতে হবে ৷ তারা আদালতের নির্দেশ মানল কি না, তিন মাসের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে ৷”