আপাতত কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না ৷ বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ গত বছর রাজ্যের ওবিসি তালিকা বাতিল করে হাইকোর্ট ৷ পরে নতুন করে সমীক্ষা চালিয়ে ওবিসি তালিকা তৈরির নির্দেশ দেয় উচ্চ আদালত ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য ৷ এই মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না ৷চলতি বছরের জুলাই মাসে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন তালিকা তৈরি করে রাজ্য ৷ সেই তালিকার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য ৷ এদিন এই মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে ৷ রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল জানান, হাইকোর্ট আগামী 18 নভেম্বর শুনানির দিন ধার্য করেছে ৷তখন প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টে যখন মামলাটির শুনানি হচ্ছে, তখন হাইকোর্টে একই মামলার শুনানি কী করে হতে পারে ? আমরা পরিষ্কার নির্দেশ দিচ্ছি, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না ৷” তিনি চার সপ্তাহ পর মামলার শুনানি হবে বলে জানিয়েছেন ৷এই সংক্রান্ত কমপক্ষে 10টি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ এর মধ্যে একটি মামলা দায়ের করেছে রাজ্য সরকার ৷ এর আগে 18 মার্চ পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতকে জানায়, রাজ্যের অনগ্রসর শ্রেণির কমিশন নতুন করে অনগ্রসর শ্রেণি নিয়ে সমীক্ষা করছে ৷ তিন মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ৷2024 সালের 22 মে রাজ্যের ওবিসি তালিকাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট ৷ ওই রায়ে আদালতের নির্দেশ, 2010 সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল ৷ তবে এতদিন এই শংসাপত্র ব্যবহার করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না ৷ এখন থেকে চাকরির ক্ষেত্রে 2010 সালের পর দেওয়া শংসাপত্র গ্রহণযোগ্য হবে না ৷ বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, 2010 সালের পর যেসব ওবিসি শংসাপত্র তৈরি হয়েছে তা 1993 আইনের বিরুদ্ধে । হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন আইন (West Bengal Commission for Backward Classes Act, 1993) অনুযায়ী নতুন করে ওবিসি তালিকা বানাতে হবে এবং সেই নতুন তালিকা বিধানসভায় অনুমোদন করাতে হবে ৷আদালত জানায়, 2010 সালের আগে যাঁরা ওবিসি তালিকাভুক্ত ছিলেন তাঁরা থাকবেন ৷ তব পরবর্তী সময়ে ওবিসি তালিকাভুক্তদের নাম বাদ যাবে । 2010 সালের পরে যাঁরা ওবিসি কোটায় চাকরি পেয়েছেন বা পাওয়ার অবস্থায় আছেন তাঁদের কোটা থেকে বাদ দেওয়া যাবে না । তাঁদের চাকরিতে কোনও প্রভাব পড়বে না ।


