ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আগামী সোমবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ৷ এই মামলার শেষ শুনানি হয়েছিল চলতি বছরের ২২ মে ৷ দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ শুনানির পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল ৷ এই বেঞ্চের আরেক সদস্য বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ৷ শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ মামলার রায় ঘোষণা হবে৷ চলতি বছরের বাজেট অধিবেশনে প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ বিতর্কের পর ৩ এপ্রিল গভীর রাতে লোকসভায় ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়। এরপর ৪ এপ্রিল লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল ৷ এনিয়ে ম্যারাথন চর্চার পর ভোটাভুটিতে পাশ হয় এই বিল ৷ বিলের পক্ষে পড়ে ১২৮টি ভোট । বিপক্ষে ৯৫টি ভোট ৷ এই বিতর্কের মাঝেই গভীর রাতে বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও আইনে পরিণত হয় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ৷ এরপর সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা দায়ের হয়েছে ৷ সুপ্রিম কোর্টে এই মামলাগুলির একত্রে প্রথম শুনানি শুরু হয় এপ্রিল মাসে ৷ কেন্দ্রের মোদি সরকার সংসদে এই সংশোধিত ওয়াকফ আইন পাশ করিয়েছে ৷


