জেলা

ফরাক্কায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, আপাতত বন্ধ ট্রেন চলাচল

ওভারহেডের তার ছিঁড়ে স্তব্ধ রেল পরিষেবা ৷ ফরাক্কা ব্যারাজের উপর আটকে ডাউন মালদা-আজিমগঞ্জ লোকাল । রবিবার সকাল ৮টা থেকে মালদা শাখার ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একাধিক ট্রেন । ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকরা । তবে কখন ফের ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে এখনও পরিষ্কার নয় । এদিন সকালে মালদা থেকে নিউ ফরাক্কা স্টেশনে ঢুকছিল ডাউন মালদা আজিমগঞ্জ লোকাল । স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেনটি ফরাক্কা ব্যারাজের উপর আসার সময় ওভার হেডের তার ছিঁড়ে আটকে যায় । কীভাবে ওভার হেড তার ছিঁড়ল তাও স্পষ্ট নয় । আচমকা ব্যারাজের উপর ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । এই ঘটনায় নিউ ফরাক্কা জংশনের স্টেশন মাস্টার রবীন কুমার বলেন,”দ্রুত মেরামতির চেষ্টা করছি আমরা ৷ রিকভারি ভ্যান আসছে ৷ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ৷ যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷” ওই ট্রেনের বহু যাত্রী ফরাক্কা থেকে দূরপাল্লার ট্রেন ধরবেন বলে জানান । নিউ ফরাক্কা জংশন থেকে কুলিপ এক্সপ্রেস ধরে পাকুড় যাবেন এক যাত্রী । তিনি বলেন, “এক ঘণ্টার মধ্যে স্বাভাবিক না হলে আমি কুলিপ এক্সপ্রেস ধরতে পারব না । কুলিপের টিকিট কাটা রয়েছে । বহু যাত্রী আজিমগঞ্জ জংশন থেকে অন্য ট্রেন ধরবেন । ডাউন লাইনে তার ছেঁড়ায় বিপজ্জনক হয়ে পড়েছে আপ লাইনও । উভয় লাইনেই ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে ।