শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে বাড়ির দেওয়াল ভেঙে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর। শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙি এলাকার এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানার অন্তর্গত সাহুডাঙির পাঘালুপাড়া এলাকার একই পরিবারের দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্যাপক বৃষ্টিপাতের জেরে প্রতিবেশীর বাড়ির দেওয়াল ধসে পড়ে পরিমল মহন্তর কাঁচা বাড়ির উপর। সেই সময় ঘরে শুয়েছিল তাঁর ছেলেমেয়ে ৷ তখনই ঘটে বিপত্তি। ঘর ভেঙে ঢুকে যায় দেওয়াল। চাপা পড়ে যায় পরিমল মহন্তর ছেলে ও মেয়ে। দেওয়ালের ভাঙা অংশ চাপা পড়ে মৃত্যু হয় তাঁর তিন বছরের মেয়ে মধুমিতা মহন্ত ও দেড় বছরের ছেলে দেবায়ন মহন্তর। এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁদের কোনওরকমে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এই বিষয়ে প্রতিবেশী গোবিন্দ রায় বলেন, “রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে ছিল বাচ্চারা । আচমকা ওই দেওয়াল ভেঙে পড়ে বাড়ির উপর। দুই শিশুই দেওয়াল চাপা পড়ে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান ওদের মৃত্যু হয়েছে । পরিমলবাবুদের দুটোই সন্তান ছিল। দুজনেই মারা গেল। খুবই দুর্ভাগ্যজনক।”


