জেলা রাজনীতি

মোদিজির নেতৃত্বে এবার সোনার বাংলা নির্মাণ হবে: অমিত শাহ

একমাসের মাথায় আবার পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন তিনি ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য় বিজেপির নেতারা ৷ এরপর নিউটাউনের একটি হোটেলে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি ৷ শনিবার সকালে তাঁর প্রথম কর্মসূচি ব্যারাকপুরে ৷ সেখানে জনসভায় অংশ নিয়ে দুপুরে শিলিগুড়িতে চলে যাবেন বিজেপির ইতিহাসের এই সফলতম সভাপতি ৷ সেখানে একটি কর্মিসভায় উপস্থিত থাকবেন ৷ এরপর দিল্লি ফেরার আগে আবারও নেতাদের সঙ্গে বৈঠক করার কথা শাহের ৷ রাজ্যে বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে ৷ সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলায় বিজেপির সরকার তৈরি করতে মরিয়া গেরুয়া শিবির ৷ তার আগে আরও একবার কলকাতায় এসে বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে ভোটের রণকৌশল নিয়ে অমিত শাহ আলোচনা করেছেন বলেই জানা গিয়েছে ৷ সূত্রের খবর, আগেরবার এসে তিনি যে দিকনির্দেশ দিয়ে গিয়েছিলেন বঙ্গ বিজেপিকে, তার কতটা রূপায়ণ হল, সেই বিষয়ে এবার খোঁজ করতে পারেন৷ পাশাপাশি ভোটের প্রচার থেকে প্রার্থী বাছাই নিয়েও প্রাথমিক আলোচনা হতে পারে ৷