ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে তিন জন মহিলা। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। ররিবার দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছে ধর জেলার বদনাওয়ার শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পঞ্চক ভাসা (Panchkawasa) এলাকার কাছে। ধর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পারুল বেলাপুরকর জানিয়েছেন, উজ্জয়িনী দিকে যাওয়ার সময়ে একটি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা পাঁচ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও এক জন। মৃতদের মধ্যে তিন মহিলা। ওই ঘটনায় এক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনার পরেই পালিয়ে যান ওই ট্রাকের চালক। তবে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। ওই চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। তবে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লোহার সামগ্রী বোঝাই ট্রাকটি বদনাওয়ার থেকে উজ্জয়িনীর দিকে যাচ্ছিল। সেই সময়ে অন্য রুটে চলে আসে ট্রাকটি। তখনই বিপরীত দিক থেকে আসা ওই গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকের।

