মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি গানের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত 9 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে স্থানীয় শেরিফের দফতর থেকে জানানো হয়েছে। কাউন্টি শেরিফ বিভাগের বিবৃতি অনুযায়ী, শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চল তুলারে কাউন্টির স্ট্র্যাথমোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ ওই অনুষ্ঠানে প্রায় 150 জন দর্শক উপস্থিত ছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। শেরিফ দফতর জানিয়েছে, 26 বছর বয়সী এক যুবকের বুকে গুলি লেগেছে এবং তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 19 ও 22 বছর বয়সী আরও দু’জন আহতের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। উপস্থিত বাকি দর্শকদের মধ্যে কয়েকজন জখমদের গাড়িতে চাপিয়ে দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে কোনও ‘গ্যাং-সংক্রান্ত’ বিবাদ থাকতে পারে ৷ এছাড়া, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় তিন হাজার জনসংখ্যার এই ছোট শহরটির ওই অনুষ্ঠানে প্রতিবেশী অঙ্গরাজ্যগুলির শিল্পীরাও অংশ নিয়েছিলেন।
সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় কনসার্টে চলল গুলি, জখম ৯


Leave a Reply