ফের ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণ এবং উত্তরবঙ্গ । আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে । সপ্তাহের শুরুতে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাদ যাবে না কলকাতাও । উত্তরবঙ্গে তো ঝড়বৃষ্টি চলছেই, আগামী সপ্তাহে তা আরও বাড়বে । জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে । রাজ্যে বৃষ্টি পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস বিশেষ বার্তায় জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ভীষণভাবে সক্রিয় । বর্তমানে পশ্চিমে সুরাতগড়, ডালটনগঞ্জ ও পূর্বে কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে গিয়েছে । এর পাশাপাশি উত্তর হরিয়ানা থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে । একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে গাঙ্গেয় বঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । এ সবকিছুর প্রভাবেই রাজ্যে বৃষ্টি পরিস্থিতি চলবে ৷ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আজ রবিবার হাওড়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বাকি জেলাতেও ঝড়বৃষ্টি হবে । সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । এর মধ্যে সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা । 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে । সেই কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঝড়বৃষ্টির পরিমাণ বেড়েছে । আজ রবিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে । ওপরের পাঁচটি জেলার তিনটিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে । মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ৷ দক্ষিণবঙ্গের মতো আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।