নয়া আয়কর আইন নিয়ে ২৮৫টি পরামর্শ দিল সংসদীয় কমিটি ৷ ১৯৬১ সালের আয়কর আইনের বদলে নয়া আইন আনছে মোদি সরকার ৷ গত বাজেটেই এই ঘো৷ষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপর বুধবার সংসদীয় কমিটির এই সিদ্ধান্ত প্রকাশ্যে এল ৷ সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বিলটি লোকসভায় পেশ করতে চায় শাসক শিবির ৷ এই অধিবেশনে বিল পাশ হয়ে যাবে বলে মনে করছে সরকার ৷ সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন এবং অন্য দরকারি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে দেশে নয়া আয়কর আইন লাগু হতে পারে ৷ ছয়ের দশকেও একই ঘটনা ঘটেছিল ৷ ১৯৬১ সালের আয়কর আইন লাগু হয়েছিল পরের বছর ৷ সেই ১৯৬২ সাল থেকে এই ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সরকার ৬৫ বার এই আইনে নানা ধরনের সংশোধনী এনেছে ৷ মোট চার হাজার সংশোধনী এসেছে ৷ এবার পুরনো আইনের বদলে নয়া আয়কর আইন লাগু করতে চলেছে সরকার ৷ আয়কর বিল নিয়ে পর্যালোচনা করেছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ৷ ওই কমিটির এক সদস্যের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই ৷ তিনি জানান, আয়কর বিল নিয়ে বিস্তারিত চর্চার পর তাঁরা ২৮৫টি পরামর্শ দিয়েছেন ৷ নিয়ম অনুযায়ী সরকার এই সমস্ত পরামর্শ মানতেও পারে ৷ আবার নাও মানতে পারে ৷ সেই প্রক্রিয়া শেষে সোমবার লোকসভায় পেশ হতে চলেছে নয়া আয়কর বিল ৷ এই বিলে কী কী থাকতে চলেছে তা নিয়ে সরকারি সূত্রে কয়েকটি তথ্য মিলেছে ৷ জানা গিয়েছে, আয়কর-ব্যবস্থাকে আরও সহজ ভাষায় মানুষকে পৌঁছে দেওয়ার বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ তাছাড়া আগের আয়কর আইনে এমন কয়েকটি ব্যবস্থা ছিল যা বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে ৷ সেগুলি নতুন আইনে থাকছে না ৷ তথ্য সংগ্রহ থেকে শুরু করে আয়কর সংক্রান্ত আরও নানা বিষয়ে ডিজিটাল মাধ্যমের ব্যবহার যাতে ভালোভাবে করা যায় সেদিকেও গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ এর পাশাপাশি আগের আইনে আয়কর জমা করা থেকে শুরু করে কয়েকটি বিষয়ে জটিলতা ছিল বলে মনে করা হচ্ছে ৷ সেসব এই আইনে থাকবে না বলে জানিয়েছে সরকারের ওই সূত্র ৷ মামলার সংখ্যা কমিয়ে আনাও লক্ষ্য সরকারের ৷ তাছাড়া একক ‘সিঙ্গল ট্যাক্স ইয়ার’ গঠনের কথাও ভাবছে অর্থমন্ত্রক ৷


