ভুটান থেকে নেমে আসা নদীর হড়পা বানের স্রোতে আটকে পড়ল যাত্রীবাহী বাস । অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩২ জন যাত্রী । ঘটনাটি ঘটেছে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাস্তায় বাঙরি নদীতে । আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বাঙরি নদীতে আচমকা হড়পা বানে ভেসে যাওয়ার জোগাড় হয় যাত্রীবাহী বেসরকারি বাসের । মঙ্গলবার মাদারিহাটের জামতলা এলাকায় টোটোপাড়াগামী সড়কে বাঙরি নদীতে আকস্মিক হড়পা বান শুরু হয় ৷ জলের স্রোতে নদীতে একটি যাত্রীবাহী বাস আটকে যায় । আতঙ্কিত হয়ে অনেক যাত্রী বাস থেকে প্রাণের ঝুঁকি নিয়ে লাফিয়ে নেমে পড়েন । তাঁরা বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন । কোনওক্রমে বাসের ৩২ জন যাত্রী অক্ষত অবস্থায় প্রাণে বেঁচেছেন । ভুটান থেকে নেমে আসা নদীগুলোতে বর্ষাকালে মাঝেমধ্যেই দেখা দেয় হড়পা বান । গতবছর মাদারিহাটের বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি টোটো পাড়া থেকে ফেরার সময় পাহাড়ি নদীর হড়পা বানে আটকে পড়েছিলেন । স্থানীয় সূত্রে খবর, এলাকায় অবিরাম বৃষ্টি এবং ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির কারণে খরস্রোতা বাঙরি নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল । এর ফলেই এদিন হড়পা বানের সৃষ্টি হয় । ঠিক সেই সময় টোটোপাড়া থেকে মাদারিহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি ৷ সেটি নদীর প্রবল স্রোতে আটকে পড়ে । বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়ার মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বাঙরি নদীতে বেসরকারি বাস হড়পা বানের কবলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার । ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাস থেকে বের করে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করেন তিনি । মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, “আটকে পড়া বাসের সকল যাত্রীকে দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে । বর্তমানে বাসটি নদীর মধ্যেই রয়েছে এবং জল কমার পর সেটিকে উদ্ধারের চেষ্টা চালানো হবে । হঠাৎ নদীতে জল বেড়ে যাওয়ায় বিপত্তি হয়েছিল । আমরা যাত্রীদের উদ্ধার করে অন্য গাড়িতে তাঁদের গন্তব্যস্থলে পাঠিয়েছি । বাসটিকেও নদী থেকে উদ্ধার করা হয়েছে । নদীতে জল কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে ।”


